২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কাপড়ের রোলসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ছিনতাই হওয়া কাপড়ের রোলসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 11:57 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছিনতাই হওয়া কাপড়ের রোলসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কোতয়ালী থানার লালদীঘি পাড় ও ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় বুধবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার ছিনতাইকারী হলো- সুলতান হাওলাদার (৩০), মোহাম্মদ জুলহাস (৩০), মোহাম্মদ সেলিম (৩৫) ও মোহাম্মদ রাসেল ওরফে রুবেল (১৮)। তাদের বাড়ি ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, তাদের কাছ থেকে ছিনতাই হওয়া পাঁচ রোল কাপড় উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে নগরীর টেরী বাজার থেকে পাঁচটি কাপড়ের রোল রিক্সায় করে নিয়ে যাওয়ার পথে ব্যবসায়ী প্রতিষ্ঠানের এক কর্মচারী লালদীঘির পাড়ে ছিনতাইকারীদের কবলে পড়েন। তিনি জানান, রিক্সাওয়ালার বেশে এক ছিনতাইকারী লালদীঘির পাড় এসে গাড়ি চলছে না বলে আরোহীকে নামতে বলে। একপর্যায়ে দ্রুত আরও তিন ব্যক্তি এসে কাপড়ের রোলগুলো ছিনতাই করে সটকে পড়ে। পরে অভিযোগের প্রেক্ষিতে কোতয়ালী থানার জেল রোড এলাকা থেকে রিক্সাওয়ালা রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার তথ্যের ভিত্তিতে পাঠানটুলীর একটি আবাসিক হোটেল থেকে অপর তিন ছিনতাইকারী ও ছিনতাই করা কাপড় উদ্ধার করা হয়। পুলিশ কর্মকর্তা সদীপ দাশ জানান, ঈদকে সামনে রেখে একটি ছিনতাইকারী চক্র নগরীর বিভিন্ন মার্কেট এবং কুরিয়ার সার্ভিসের আশেপাশে ছিনতাইয়ের ঘটনায় জড়িত। গ্রেপ্তার চারজনই এ চক্রের সদস্য। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৭৫১ ঘ.