চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে সীমানা দেয়াল নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ পোশাক শ্রমিক আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নগরীর ডবলমুরিং থানার ডিটি রোডের মনছুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আহতরা সবাই ফোর এইচ ফ্যাশনস নামে একটি পোশাক কারখানার শ্রমিক। এ সময় পোশাক কারখানার তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফোর এইচ ফ্যাশন ভবনের সামনে মোহাম্মদ সেলিম নামে অপর এক বাড়ির মালিক একটি সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে বুধবার রাতে ঘটনার সূত্রপাত হয়।
“ফোর এইচ গ্র“পের সঙ্গে মোহাম্মদ সেলিমের বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেলিম রাতে তার নির্মাণাধীন ভবনকে ঘিরে ওই জায়গায় একটি সীমানা দেয়াল নির্মাণ করে।”
এসআই জানান, বৃহস্পতিবার সকালে ফোর এইচ গ্র“পের শ্রমিকরা দেয়ালটি ভেঙে দিলে সেলিমের লোকজন ফোর এইচ গ্র“পের শ্রমিকদের ওপর হামলা করে। এসময় দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্য ও উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে আহত ২০ জনকে সকাল ৯টার দিকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৪৩০ ঘ.
bdnews24