ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ওপর শিক্ষানবিশ চিকিৎসকদের হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।
তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) মাহমুদা আক্তারকে। সদস্য হিসাবে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) শাহ আলম লতিফ এবং ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক বিল্লাল আলম।
বুধবার দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ফটকের কাছে শিক্ষানবিশ চিকিৎসকদের হামলায় অন্তত ২০ সাংবাদিক আহত হন। কয়েকটি টেলিভশন চ্যানেলের ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
এর আগে গত ২২ জুলাইও ঢাকা মেডিকেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয়। সেদিনও কয়েকটি ক্যামেরা ভাংচুর করা হয়।
বুধবারের ঘটনায় আহত সাংবাদিকরা রাতেই দুটি মামলা ও তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
এতে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক শহীদ হোসেন, হাসপাতালের উপ-পরিচালক ডা. মোহ. মুশফিকুর রহমান, চিকিৎসক নাজমুল হাকিম শাহীন, সুদীপ রঞ্জন দেব, সুরজিত দাস, শিক্ষানবিশ চিকিৎসক জুয়েল, জাহিদ, প্রিতম, রোজেন, রাসেল ও লাভলীসহ দেড়শ জনকে আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24