আহমেদ মুনীরুদ্দিন
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রাবণের মেঘে যে কথার বৃষ্টি ঝরছিল হুমায়ূন আহমেদের প্রয়াণে, যেন তা’ই কথা আর সুরে ধরে এ কথাশিল্পীর প্রতি শ্রদ্ধা জানালেন পশ্চিমবঙ্গের সংগীত শিল্পী কবীর সুমন।
হুমায়ূনের চরিত্ররা যে কতো চেনা-জানা, তার পাঠকের মতো, পাঠকের চারপাশের মানুষদের মতো সে কথা গানে তুলে এনেছেন সুমন। সুরে বেঁধেছেন হুমায়ূনের কলমে মানুষের সুখ-দুঃখ, হাসি কান্নায় ভরা ‘এই সব দিনরাত্রি’র কথা ‘আয়নার মতো’ অনায়াসে তুলে আনার বিষয়টিও।
হুমায়ূন আহমেদের বিপুল পাঠকপ্রিয়তা, সব বয়সী পাঠকদের আগ্রহ ধরে রাখতে পারার ক্ষমতার কথাও উঠে এসেছে সুমনের এই গানে।
তিনি গেয়েছেন, শাওন মেঘে কী কথার বৃষ্টি ঝরে/ তাকে ভাবলেই কাহিনীরা ভিড় করে/ কাহিনীর পর কাহিনীর সে কী জেদ/ দেখিয়ে দিলেন হুমায়ূন আহমেদ।
নন্দিত কথাশিল্পী হুমায়ূনের মৃত্যুর তিনদিন পর ২২ শে জুলাই তাকে নিয়ে এ গান বাঁধেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা শিল্পী কবীর সুমন। ২৪ জুলাই তার ব্যক্তিগত ওয়েবসাইটে গানটি প্রকাশ করা হয়।
হুমায়ূন যে চারপাশের সমাজ বাস্তবতার ‘নরকে’র মধ্যেই দোষে-গুণে ভরা বাঙালি মধ্যবিত্তের আটপ্রৌড়ে ‘জীবন-স্বর্গ’কে তুলে এনেছিলেন সে কথা বলতেই যেন সুমন লিখলেন- ‘স্বর্গ ছুঁয়েছি নন্দিত নরকেই’।
হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশিত হয় ১৯৭২ সালে। এর ২০ বছর পর ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামে একটি অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন সুমন।
কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ ক্যান্সারের চিকিৎসায় থাকা অবস্থায় গত ১৯ জুলাই নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান। তার মৃত্যুতে শোকাহত হয়ে পড়ে পুরো বাংলাদেশ।
বাংলাদেশের মতোই ভারতের পশ্চিমবঙ্গেও পাঠকপ্রিয় ছিলেন হুমায়ূন। ভারতের জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার বন্ধু তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “জনপ্রিয়তায় শরৎ চট্টপাধ্যায়কেও ছাড়িয়ে গিয়েছিলেন হুমায়ূন।”
হুমায়ূন আহমেদ আর লিখবেন না জেনেও তার অগণিত ভক্ত-পাঠকের মতো সুমনও গানে বলেছেন, এ দুনিয়া ছেড়ে অন্য কোথাও যাওয়া/ সেখানে নতুন গল্পই খুঁেজ পাওয়া/ কারুর কারুর পড়ে না পূর্ণ ছেদ/ আবার লিখুন হুমায়ূন আহমেদ।
জীবনমুখী বাংলা গানের শিল্পী হিসেবে পরিচিত সুমন চট্টপাধ্যায় ২০০০ সালের ২৩ শে জুন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করে কবীর সুমন নাম নেন।
ভারতের পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও সুমনের গান দারুণ জনপ্রিয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/জেকে/১৮৩২ ঘ.
bdnews24