২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জীবনযাত্রার মান বাড়ায় বিদ্যুতের ব্যবহার বেড়েছে’

দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নতি হওয়ায় দেশে বিদ্যুতের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মানের উন্নতি হওয়ায় দেশে বিদ্যুতের ব্যবহার বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, মঙ্গলবার বহুজাতিক কোম্পানি এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতকালে শেখ হাসিনা এ কথা বলেন। এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান জালাল আল ঘানীর নেতৃত্বে প্রতিনিধিদলটি মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় সৌর বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধিতে সরকারের দীর্ঘ, মধ্য ও স্বল্প মেয়াদী পদক্ষেপগুলোর কথাও সরকার প্রধান উল্লেখ করেন। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতসহ সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন। এনার্জি হোল্ডিং ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে এ খাতে আরও কাজ করার জন্য গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী, মুখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এরপর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মনোয়ারা খানম ভাসানী তার সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এ সময় মনোয়ারা বেগম তার পরিবারের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে প্রধানমন্ত্রী তার পরিবারের জন্য দশ লাখ টাকা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪৩৬ ঘ.