বগুড়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরে সোমবার দুপুরে ছুরিকাঘাত করে এক ব্যক্তির আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আহত আব্দুর রাজ্জাক (৪৫) শাহ সুলতান গ্রুপের চেয়ারম্যান আব্দুল গফুরের ছোট ভাই। তাকে শহরের মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্জাক সাংবাদিকদের বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে রাজাবাজারে শাহ সুলতান গ্রুপ অফিস থেকে সাড়ে আট লাখ টাকা নিয়ে ম্যানেজার আলমসহ তিনি নারুলী এলাকায় শাহ সুলতান জুট মিলে রওনা হন।
পথে চেলোপাড়া এলাকায় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে ৪/৫ জন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
তিনি ইমরান হোসেন দুলু নামের এক ছিনতাইকারীকে চিনতে পেরেছেন বলে জানিয়েছেন। ইমরান চেলোপাড়া এলাকার বাসিন্দা।
শাহ সুলতান গ্রুপের চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বগুড়া সদর থানার পরিদর্শক মাহমুদুল আলম বলেন, এ ব্যাপারে নারুলী ফাঁড়ির পুলিশকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪২ ঘ.
bdnews24