বগুড়া, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদের স্মৃতি ধরে রাখতে বগুড়া জিলা স্কুলে বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বগুড়া জিলা স্কুল প্রাঙ্গণে লেখকের স্মৃতির উদ্দেশ্যে লাগানো হয় ৩০০টি ফলদ বৃক্ষ।
এই স্কুলের প্রধান শিক্ষক মো. রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃতি ঘেরা নূহাশ পল্লী ছিলো হুমায়ূন আহমেদের প্রাণ। তাই তার স্মৃতির উদ্দেশ্যে এই বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেওয়া হয়।”
তিনি জানান, হুমায়ূন আহমেদ এক সময় এই স্কুলের ছাত্র ছিলেন। ১৯৬৩ সালে এখানে ভর্তি হন। ১৯৬৫ সালে এ স্কুল থেকেই ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশ নিয়ে রাজশাহী বোর্ডে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন তিনি।
গাছ লাগানোর সময় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও বাইরের অনেক মানুষ উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যরা স্কুল ভবনে আগুন দেওয়ায় পর হুমায়ূন আহমেদের কোনো তথ্য এই স্কুলে নেই বলে জানান প্রধান শিক্ষক রমজান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএইচ/১৬৩৯ ঘ.
bdnews24