২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ফিডিংয়ের বিস্কুট খেয়ে অসুস্থ, তদন্ত চলছে

কুড়িগ্রামে বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত দল দু’দিনের অনুসন্ধান শেষে রোববার ঢাকা ফিরেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

কুড়িগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত দল দু’দিনের অনুসন্ধান শেষে রোববার ঢাকা ফিরেছে। শুক্রবার ও শনিবার দলের সদস্যরা মাঠ পর্যায়ে সরেজমিন পরিদর্শন, তথ্য-উপাত্ত ও নমুনা সংগ্রহ করেছেন। মঙ্গলবার ও বৃহস্পতিবার স্কুল ফিডিং প্রোগ্রামের বিস্কুট খেয়ে উলিপুরের দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী ও অভিভাবক অসুস্থ হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (স্কুল ফিডিং প্রোগ্রাম) শামীম আল মামুনের নেতৃত্বে দুই সদস্যের এই তদন্ত দল কাজ করছে। দলের অপর সদস্য হলেন বিশ্ব খাদ্য কর্মসূচির স্কুল ফিডিং প্রোগ্রামের প্রধান জহিরুল হক। শামীম আল মামুন সাংবাদিকদের বলেন, তদন্তকালে সংগ্রহ করা বিস্কুটের নমুনা ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। “ইন্টারপেক নামের একটি আন্তর্জাতিক সংস্থা বিস্কুটের নমুনা পরীক্ষার দায়িত্ব নিয়েছে। ফলাফল পাওয়ার পর তদন্ত রিপোর্ট দেওয়া হবে,” বলেন তিনি। এছাড়া পরীক্ষার ফলাফল না আসা পর্যন্ত উলিপুরের ৪০৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট বিতরণ বন্ধ থাকবে বলেও তিনি জানান। জহিরুল হক বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে। বিস্কুটের নমুনা পরীক্ষার পর কারণ জানা যাবে। মঙ্গলবার উলিপুরের গোরাই রঘুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিস্কুট খেয়ে ১৫ শিক্ষার্থী ও একজন অভিভাবক অসুস্থ হয়। এদের মধ্যে ছয় জনকে হাসপাতালে নিতে হয়। এর দু’দিন আগে উপজেলার অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী এই বিস্কুট খেয়ে অসুস্থ হয়, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়। ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, দু’টি স্কুলের শিক্ষার্থী অসুস্থ হওয়ার পর উলিপুরের ৪০৭টি প্রাথমিক বিদ্যালয়ে বিস্কুট বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩১ ঘ.