২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশা নিয়ন্ত্রণে বাধা ‘বিশেষ শক্তি’

যানজটের জন্য রিকশা বড় সমস্যা হলেও সড়কে থেকে পুরোপুরি উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ‘বিশেষ’ বাধার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের জন্য রিকশা বড় সমস্যা হলেও সড়কে থেকে পুরোপুরি উঠিয়ে দেওয়ার ক্ষেত্রে একটি ‘বিশেষ’ বাধার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর রহমান। শনিবার ট্রাফিক সচেতনা কর্মসূচি অনুষ্ঠানে তিনি বলেন, “ঢাকা সিটি কর্পোরেশনের লাইসেন্স প্রাপ্ত ৭৮ হাজার রিকশা থাকলেও চলাচল করে ১০ লাখেরও বেশি। এসব রিকশা থেকে প্রতিদিন প্রায় এক কোটি টাকা চাঁদা উঠছে। বিভিন্ন গ্রুপ এসব টাকা তোলে, যারা তাদের বড় শক্তি। এই শক্তির কারণেই রিকশা বাদ দেওয়া যাচ্ছে না।” মাহবুবুর রহমানের ওই সূচনা বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। রাজারবাগ পুলিশ টেলিকম অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদের সভাপত্বিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এমএমএন সিদ্দিক, বিআরটিএ’র চেয়ারম্যান আইয়ুবুর রহমান, অভিনেতা ইলিয়াস কাঞ্চন অনুষ্ঠানে বক্তব্য দেন। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “রাজধানীতে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে যানবাহনের পরিমাণ যেমন বাড়ছে রাস্তার পরিমান সেভাবে বাড়েনি। ভূমির কমপক্ষে ২৫ ভাগ রাস্তার প্রয়োজন। সেখানে রাজধানীতে আছে ৭ ভাগ। নানা কারণে এই ৭ ভাগ রাস্তাও ব্যবহার করা যায় না।” তিন হাজার ট্রাফিক পুলিশ দিয়ে দুই কোটি অধ্যুষিত রাজধানীতে নিরাপদ চলাচল নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ বলেও জানান তিনি। ই- ট্রাফিকিং কার্যক্রম খুব অল্প সময়ের মধ্যে চালু হচ্ছে জানিয়ে সাহারা জানান, এই পদ্ধতি পরিবহন মালিক, চালকসহ সংশ্লিষ্টের উপকারে আসবে। এ প্রসঙ্গে বেনজির আহমেদ জানান, অপরাধের কারণে কোন গাড়ি বা চালকের বিরুদ্ধে মামলা হলে সংশ্লিষ্ট চালক বা গাড়ির মালিক মোবাইল ফোনের মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। পরে তার প্রয়োজনীয় কাগজ যা মামলার সময় জব্ধ করা হয় তা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। তবে ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে র‌্যাবের মতো সার্বক্ষণিক নিবার্হী মেজিস্ট্রেট দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানান যুগ্ন কমিশনার মাহবুব। প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, শুধু পুলিশ নয় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে সবার সরাসরি সহযোগিতা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/১৮১৮ ঘ.