ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এম এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার জুমার নামাজের পর নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তার প্রথম জানাজায় হাজার হাজার প্রবাসী বাঙালি অংশ নেয়।
জানাজায় হুমায়ূনের ছোটভাই মুহাম্মদ জাফর ইকবালও ছিলেন।
তিনি জানান, সব ঠিক থাকলে হুমায়ূনের মরদেহ রোববার দেশে পৌঁছাতে পারে।
গাজীপুরে হুমায়ূনের গড়া নুহাশ পল্লীতে তাকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তার ছোট ভাই আহসান হাবিব।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হুমায়ূনের। শরীরে ক্যান্সার ধরা পড়ার এক বছরেরও কম সময়ের মধ্যে বিদায় নিলেন তিনি। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের বয়স হয়েছিল ৬৪ বছর।
তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন রাজনীতিক, সাহিত্যিক, শিল্পী, ছাত্র, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। শোকর্যালি হয়েছে লেখকের জন্মস্থান নেত্রকোনায়।
শোক প্রকাশ করে লেখকের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে অনলাইনে বিভিন্ন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে। সারা দিনজুড়ে দেশের বিভিন্ন গণমাধ্যমের সংবাদ শিরোনামেও ছিলো তার মৃত্যুর খবর।
১৯৪৮ সালে নেত্রকোনায় জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথা সাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি।
টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন। এ জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এসইউ/১২৪৮ ঘ.
bdnews24