নারায়ণগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে পাওয়া লাশটি সংস্কৃতিকর্মী চঞ্চলের বলে সনাক্ত করেছেন স্বজনরা।
বৃহস্পতিবার রাতে বন্দর থানায় রাখা কাপড় দেখে নিহত ব্যক্তি চঞ্চল বলে নিশ্চিত হন তার মা রবিনা বেগম। কিন্তু অজ্ঞাত পরিচয় হিসেবে বুধবারই তাকে দাফন করা হয় আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে।
চঞ্চল শহরের দেওভোগ এলাকার আওলাদ হোসেনের ছেলে।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীতলক্ষ্যা থেকে উদ্ধার হওয়া যুবকের পরিচয় মিলেছে।
ওসি বলেন, নিহত চঞ্চলের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। এ ব্যাপারে চঞ্চলের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলেও তিনি জানান।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, চঞ্চল ঐকিক থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘বক্তাবলী’, ও ‘লখাই’ রচনা করে খ্যাতি লাভ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪২ ঘ.
bdnews24