ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
শুক্রবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, “অধ্যাপক হুমায়ূন আহমেদ ছিলেন সব ধরনের পাঠকেরই একজন অত্যন্ত প্রিয় লেখক। বিশেষ করে তিনি তরুণ প্রজন্মের কাছে ছিলেন খুবই জনপ্রিয়। এই প্রথিতযশা কথা সাহিত্যিকের মৃত্যুতে বাংলাদেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে।”
অধ্যাপক আরেফিন সিদ্দিক আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এবং একজন নন্দিত লেখক হিসেবে বাংলা সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রে হুমায়ূন আহমেদের বহুমূখী অবদানের কথা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স¥রণ করবে।
উপাচার্য সদ্যপ্রয়াত এই লেখকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃহদান্ত্রের ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন আহমেদ। ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায় জন্ম নেওয়া এই কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর।
তিনি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করতেন।
উপন্যাস, গল্প, কল্পবিজ্ঞান, প্রবন্ধ, ভ্রমণকাহিনী ও আত্মজীবীনীসহ ৩২২টি বই প্রকাশের পাশাপাশি নাটক লেখা, চলচ্চিত্র নির্মাণ এমনকি গানে সুরও দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/১৯২২ ঘ.
bdnews24