২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মরিলে কান্দিস না আমার দায়’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে সঙ্গীত জগতেরও অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তার অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করা সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুতে সঙ্গীত জগতেরও অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন তার অনেক নাটক ও চলচ্চিত্রে কাজ করা সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সালাউদ্দিন ওয়াহিদকে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই সঙ্গীতশিল্পী বলেন, “অনেকেই বলছেন তার মৃত্যুতে বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমি বলব সঙ্গীত জগতের ক্ষতি হয়েছে অনেক বেশি। সঙ্গীত সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল। তার মতো সঙ্গীতবোদ্ধা বাংলাদেশে খুব কম পাওয়া যাবে।” ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের টেলিভিশন নাটক ‘ওয়াইজা বোর্ড’ -এ সেলিম চৌধুরী গেয়েছিলেন ‘আজ পাশা খেলব রে শ্যাম’। সেই থেকে এই কথা সাহিত্যিকের সঙ্গে অনেক নাটকেই কাজ করেছেন তিনি। সেলিম চৌধুরী বলেন, “লোকশিল্পী গিয়াস উদ্দিনের লেখা ‘মরিলে কান্দিস না আমার দায়’ গানটি খুবই প্রিয় ছিল হুমায়ূন আহমেদের। বিভিন্ন আড্ডায় প্রয়েই আমাকে গাইতে বলতেন তিনি।” “হাসন রাজা, উকিল মুন্সি, রাধারমনের গানসহ সিলেট, ময়মনসিংহ-নেত্রকোনা অঞ্চলের লোকগানগুলোকে পরিচিত এবং জনপ্রিয় করার ক্ষেত্রে তিনি অনেক অবদান রেখেছেন।” বেশ কিছু নাটকের পাশাপাশি হুমায়ুন আহমেদ পরিচালিত ‘দুই দুয়ারী’ এবং ‘চন্দ্রকথা’ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন সেলিম চৌধুরী। মুক্তির অপেক্ষায় থাকা হুমায়ূন আহমেদের শেষ চলচ্চিত্র ‘ঘেঁটুপুত্র কমলা’র জন্য দুটি গান তিনি সংগ্রহ করে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র সেলিম চৌধুরী শহীদুল্লাহ হলে থাকতেন। ’৯০ এর দশকে হলের হাউস টিউটর হিসেবে পেয়েছিলেন হুমায়ুন আহমেদকে। শিক্ষক হিসেবে বরেণ্য এই কথাশিল্পীর মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “ছাত্রদের যে কোনো সমস্যায় তিনি ছুটে যেতেন। ছাত্রদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো ছিল।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এসইউ/১৭৩২ ঘ.