২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারে অবহেলায় ৩ প্রকৌশলীকে শোকজ

বন্দর নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের সংস্কার কাজ সময়মতো শেষ না করতে পারায় এবং হাটহাজারী- ভাটিয়ারি সড়কে সংস্কার কাজ শুরু না করায় ক্ষুব্ধ যোগাযোগমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2012, 06:23 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদকে সামনে রেখে সড়ক মেরামতে অবহেলার জন্য সড়ক ও জনপথের (সওজ) চট্টগ্রাম অঞ্চলের শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিস দিতে বলেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সড়ক পরিদর্শনে গিয়ে অবস্থা দেখে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের এই নির্দেশ তিনি। ওই তিন জন হলেন- সওজ চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিয়াউদ্দিন। নগরীর অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের সংস্কার কাজ সময়মতো শেষ না করতে পারায় এবং হাটহাজারী- ভাটিয়ারি সড়কে সংস্কার কাজ শুরু না করায় ওই তিন কর্মকর্তাকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন মন্ত্রী। ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, তাদের কেন বরখাস্ত করা হবে না, তার কারণ জানাতে নোটিস দিতে সওজের (চট্টগ্রাম অঞ্চল) প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লষ্করকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রীর চট্টগ্রাম সফরসূচিতে হাটহাজারী-ভাটিয়ারী সড়ক পরিদর্শন না থাকলেও আকস্মিকভাবে ওই সড়কে যান তিনি। সড়কের অবস্থা দেখে তিনি ক্ষুব্ধ হন এবং সংশ্লিষ্টদের কাছে এর কারণ জানতে চেয়েও সদুত্তর পাননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২২০ ঘ.