ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে চীনা কোম্পানিকে বিবেচনার জন্য বিশ্ব ব্যাংকের সুপারিশের মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য ছিলো না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান।
বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, “ওদের (চীনা কোম্পনি) কাজ পাইয়ে দিতে হবে বিশ্ব ব্যাংক তা বলেনি। বলেছে তাদের যদি যোগ্যতা থাকে তাহলে যেন বিবেচনা করা হয়। কেউ যদি আবেদন নিবেদন করে এবং সেটি যদি বিবেচনার জন্য অনুরোধ জানানো হয়; এর মধ্যে তো আমি দোষের কিছু দেখি না।”
পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক হিসাবে চায়না রেলওয়ে কন্সট্রাকশন নামে একটি চীনা প্রতিষ্ঠান পদ্মা সেতু মূল্যায়ন কমিটির কাছে নিজেদের নাম প্রস্তাব করেছিলো। কিন্তু তাদের উপস্থাপিত দালিলিক তথ্য উপাত্ত সঠিক না হওয়ায় তা গ্রহণ করেনি মূল্যায়ন কমিটি।
কুমিল্লা জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদক চেয়ারম্যান নিজেও কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন ছাত্র।
বিশ্ব ব্যাংকের সুপারিশ করা প্রতিষ্ঠান সম্পর্কে গোলাম রহমান বলেন, “তদন্ত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তারা (চীনা কোম্পানি) দালিলিক প্রমাণের মধ্যে তাদের অতীত কন্সট্রাকশনের যে ছবিটি দিয়েছে তা ক্যালিফোর্নিয়ার অকল্যান্ড ব্রিজের ছবি। এই সেতুটি অনেক পুরনো এবং কোনো চীনা কোম্পানি এটি তৈরি করেনি। এই তথ্যটি তাদের জানানো হলে তার নিজেদের নাম প্রত্যাহার করে এবং তাদের স্থানীয় এজেন্টের এজেন্সিশিপ বাতিল করে। এখানে বিশ্বব্যাংক কোনো অনৈতিক কিছু করেছে বলে আমার মনে হয় না।”
পাশাপাশি প্রাক যোগ্যতা নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ বিশ্ব ব্যাংক করেছে তার কোনো ভিত্তি পাওয়া যায়নি বলেও পুনরায় জানান তিনি।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। জাইকার দেওয়ার কথা ৪০ কোটি ডলার।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে বিশ্ব ব্যাংক তাদের অর্থায়ন বাতিল করলেও জাইকা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতির কোনো দালিলিক প্রমাণ না পাওয়ায় ওই অনুসন্ধান ‘ক্লোজ’ করা হয়েছে।
এছাড়া কানাডিয়ান কোম্পানি এসএমসি লাভলিনের গ্রেপ্তারকৃত একজন কর্মকর্তার নোটবুকে সম্ভাব্য ঘুষ প্রদানের জন্য যে কয়েকটি নাম উল্লেখ রয়েছে সে বিষয়েও দুদক অনুসন্ধান করছে বলে জানান তিনি।
এ বিষয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা ভিশন ও মাছরাঙা এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে গোলাম রহমান বলেন, “আমি যা বলিনি তা ওই তিনটি চ্যানেল ও পত্রিকা প্রকাশ করেছে।”
সংবাদের প্রতিবাদ জানানো হলেও ডেইলি স্টার তা প্রকাশ করেনি বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমএমআর/এএল/১৮১৯ ঘ.
bdnews24