২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন শিল্পের বিকাশে মোটর বাইক ও বাইসাইকেল ম্যারাথন

দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং ক্রীড়া পর্যটন সম্বন্ধে ধারণা সৃষ্টি করতে দেশে এই প্রথম আয়োজিত হবে তিন দিনের ‘মোটর বাইক চাম্পিয়নশিপ’ ও ‘বাইসাইকেল ম্যারাথন’ প্রতিযোগিতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পর্যটন শিল্পের উন্নয়ন এবং ক্রীড়া পর্যটন সম্বন্ধে ধারণা সৃষ্টি করতে দেশে এই প্রথম আয়োজিত হবে তিন দিনের ‘মোটর বাইক চাম্পিয়নশিপ’ ও ‘বাইসাইকেল ম্যারাথন’ প্রতিযোগিতা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং ইমপ্লিসিট মিডিয়ার যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হবে ২০ সেপ্টেম্বর, তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। বুধবার সকালে রাজধানীর অবকাশ হোটেলে প্রতিযোগিতার সূচনাপর্ব উদ্বোধন করেন পর্যটন সচিব মো. আতাউল ইসলাম। আয়োজকরা জানান, কক্সবাজারের লাবনী বিচ, হিমছড়ি এবং টেকনাফ এলাকায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা উপলক্ষে এসব এলাকায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় অংশ নিতে আগেই নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য অবকাশ হোটেলে ব্যাংকুয়েট হলের পাশে একটি নিবন্ধন ডেস্ক স্থাপন করা হয়েছে। আগামী ৩০ অগাস্ট পর্যন্ত আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন। আতাউল হক বলেন, “দেশে পর্যটন শিল্পের উন্নয়ন এবং দেশে-বিদেশে এর প্রচার কার্যক্রমকে প্রসারিত করতে এ ব্যাতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।” পর্যটন শিল্পের বিকাশে এই খাতে প্রণোদনার চিন্তা সরকারের রয়েছে জানিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং যথাযথ পরিকল্পনা গ্রহণের তাগিদ দেন তিনি। “না হলে এ খাতকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। নতুন নতুন আইডিয়া সামনে এলে তা শিল্প বিকাশে সহায়ক হবে,” বলেন সচিব। পর্যটন কর্পোরেশনের প্রকল্প ‘বিউটিফুল বাংলাদেশ’র লোগো পরিবর্তন করা হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরশনের চেয়ারম্যান মো. এহসানুল হক, ইমপ্লিসিট মিডিয়ার ব্যাবস্থাপনা পরিচালক নাবিলা খালিদ, আতিক এম সামসুজ্জোহা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২৩০০ ঘ.