২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদীয় কমিটিতে গ্রামীণফোন সিইও

কর্মী অসন্তোষের বিষয়ে নিজেদের অবস্থান সংসদীয় কমিটির কাছে ব্যাখ্যা করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরে জনসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মী অসন্তোষের বিষয়ে নিজেদের অবস্থান সংসদীয় কমিটির কাছে ব্যাখ্যা করেছেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরে জনসন। গ্রামীণফোন কর্মকর্তা বুধবার শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে যোগ দেন। তার সঙ্গে প্রতিষ্ঠানটির শীর্ষ পর্যায়ের অন্য কর্মকর্তারাও ছিলেন। সংসদীয় কমিটির আহ্বানে বৈঠকে যোগ দিয়ে নিজেদের পদক্ষেপের বিষয়ে একটি চিঠি কমিটির সভাপতি ইসরাফিল আলমকে দিয়েছেন টরে জনসন। এতে কোম্পানি পুনর্গঠনের বিষয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা হয় বলে গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল আলম সাংবাদিকদের বলেছেন, “স্থায়ী কমিটি মনে করে, আনফেয়ার লেবার প্রাকটিসের জন্য গ্রামীণফোন দেশের প্রচলিত আইন ভঙ্গ করেছে।” শ্রম আইন অনুযায়ী সরকার গ্রামীণফোনের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারে বলে কমিটি মত দিয়েছে, জানান তিনি। গ্রামীণফোনের সেবা আগের মতো নেই মন্তব্য করে সরকারদলীয় সংসদ সদস্য ইসরাফিল আলম বলেছেন, সেবার মান বাড়াতে গ্রামীণফোনকে আরো বেশি লোক নিয়োগ করতে হবে। সংসদীয় কমিটির বৈঠকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদও ছিলেন। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ৩টা পর্যন্ত স্থায়ী এই বৈঠক থেকে বেরিয়ে টরে জনসন সাংবাদিকদের বলেন, বৈঠকের বিষয়বস্তু বাংলায় থাকায় তিনি অনেক কিছুই বুঝতে পারেননি। বিকালে বৈঠকের বিষয়ে বিবৃতি দেয় গ্রামীণফোন। ছাঁটাইয়ের অভিযোগ তুলে গ্রামীণফোনের একদল কর্মী গত ৮ জুলাই কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তবে গ্রামীণফোন বলে আসছে, ছাঁটাই নয়, পুনর্গঠনের অংশ হিসেবে অতিরিক্ত কর্মী প্রতিষ্ঠান থেকে বাদ পড়ছেন এবং নিয়ম অনুযায়ী তাদের প্রাপ্য সব সুবিধা দেওয়া হচ্ছে। গ্রামীণফোনের প্রধান জনসংযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির এই বিষয়ে বলেন, “একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই পুনর্গঠন চলছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে যারা পারেন না, তাদের আইন অনুযায়ী নোটিস দেওয়া হয়।” তবে সংসদীয় কমিটির সভাপতি ইসরাফিল বলেন, “তারা (গ্রামীণফোন) কোনো একজন কর্মীকে নোটিস ছাড়া চাকরিচ্যুত করতে পারে না। একজন কর্মীকে ছাঁটাই করার আগে তাকে নোটিস দিতে হবে এবং তার কথা শুনতে হবে।” গ্রামীণফোনকে এই সমস্যা সমাধানে বিটিআরসি এবং শ্রম অধিদপ্তরের সঙ্গে আলোচনার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১৪৫ ঘ.