২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় আবারো বন্যা পরিস্থিতির অবনতি

অবিরাম বর্ষণ এবং উজান থেকে নামা ঢলে গাইবান্ধার তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র, করতোয়া, যমুনাসহ সবক’টি শাখা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 02:17 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাইবান্ধা, ১৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিরাম বর্ষণ এবং উজান থেকে নামা ঢলে গাইবান্ধার তিস্তা, ঘাঘট, ব্রহ্মপুত্র, করতোয়া, যমুনাসহ সবক’টি শাখা নদীর পানি আবারো বাড়তে শুরু করেছে। ফলে দ্বিতীয় দফায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদরের ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদ্দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার ঘাঘট নদী বিপদসীমার ১৪ সেন্টিমিটার, যমুনা ও ব্রহ্মপুত্র বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তবে তিস্তার পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমার সামান্য নিচে রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, বর্ষার শুরুতে প্রথম দফা বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা শহর রক্ষা বাঁধসহ ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়ায় সেগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যার পানির প্রবল চাপে ক্ষতিগ্রস্ত বাঁধ ভেঙ্গে জেলার বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে। সংশ্লিষ্ট উপজেলাগুলোর ইউএনও ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, দহবন্দ, বেলকা, হরিপুর, চ-িপুর, কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়ন, সাঘাটার হলদিয়া, ঘুড়িদহ, ভরতখালী ও জুমারবাড়ি ইউনিয়ন, ফুলছড়ির গজারিয়া, এরেন্ডাবাড়ি, ফজলুপুর, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়ন এবং গাইবান্ধা সদরের কামারজানি ও মোল্লারচরসহ ১৮টি ইউনিয়নের প্রায় ৭০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এতে ওইসব এলাকার প্রায় ৫০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে বলে তারা জানান। সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিজানুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর ভাঙনে উপজেলার তারাপুর ইউনিয়নের খোর্দ্দার চর, লালচামার, কাপসিয়া ইউনিয়নের ভাটিবুড়াইল, পোড়ার চর, কালাই, সোতার চরের দেড় শতাধিক পরিবারের বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়েছে। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় ৩০ মেট্রিক টন চাল ও দুই লাখ করে নগদ টাকা এবং সাঘাটায় ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এগুলো বিতরণ করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.