২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের অপহৃত এক ব্যবসায়ীকে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:58 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ফেনী, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের অপহৃত এক ব্যবসায়ীকে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে উদ্ধার করেছে র‌্যাব। বুধবার ভোরে ব্যবসায়ী জানে আলমকে বশিকপুরের একটি বাড়ি থেকে উদ্ধারের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের নামে অপহরণের মামলা হয়েছে। তবে আটকদের একজন জানিয়েছেন, ওই ব্যবসায়ীর কাছে পাওনা তিন লাখ টাকা উদ্ধারের জন্যই তাকে আটকে রেখেছিলেন। ব্যবসায়ীর বাড়ি ফেনীর সোনাগাজীতে। আটকরা হলেন- ফেনী সদরের কাজীরবাগ এলাকার আব্দুল মোতালেবের ছেলে নাজমুল হক, আব্দুল লতিফের ছেলে শাহাদাত হোসেন, ফুলগাজীর বশিকপুরের শাহজাহান ভূঁঞার ছেলে মো. রনি, জিএম হাটের আব্দুর রউফ দুলালের ছেলে সিএনজি অটোরিকশা চালক সাইফুল ইসলাম এবং দক্ষিণ আনন্দপুরের তোফাজ্জল হোসেনের ছেলে মো. মামুন। জানে আলম সাংবাদিকদের বলেন, তিনি চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় বৈদ্যুতিক তারের ব্যবসা করেন। সোমবার দুপুরে ফেনীতে একটি মামলায় হাজিরা দিতে আদালত চত্বরে আসেন। সেখান থেকেই অপহরণকারীরা তাকে একটি অটোরিকশায় বশিকপুরের অ্যাডভোকেট শহিদুল ইসলামের বাড়িতে নিয়ে আটকে রাখে। ওই ব্যবসায়ী দাবি করেন, পরে তার স্ত্রী আয়েশা বেগমের কাছে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। আয়েশা ফেনীর র‌্যাব-৭ এর ক্যাম্পে অভিযোগ দিলে বুধবার ভোরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এদিকে আটক মো. মামুন সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি ব্যবসায়ী জানে আলমের কাছে বেশ কিছু টাকা পাওনা ছিলেন। গত ৬ মাস ধরে চেষ্টা করেও টাকা উদ্ধার করতে পারেননি। পাওনা টাকা আদায়ের জন্যই তিনি তাকে আটক করেছিলেন। র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার এস এম নাইমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক পাঁচ জনকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৫০ ঘ.