চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলী নদীর নাব্যতা সংকটকে বন্দরনগরীর জলাবদ্ধতার মূল কারণ হিসেবে দেখছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) বর্তমান ও সাবেক দুই মেয়র।
বুধবার দুপুরে বর্তমান মেয়র এম. মনজুর আলমের দায়িত্ব গ্রহণের দুই বছর উপলক্ষে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক সমাবেশে দুই মেয়র এ বিষয়ে একমত পোষণ করেন।
মেয়রের আমন্ত্রণে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সমাবেশে যোগ দিয়ে নগরীর জলাবদ্ধতা নিয়ে বলেন, “ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে কর্ণফুলী থেকে যে পরিমাণ বালি তোলার কথা তা হচ্ছে না। নদীর নাব্যতা না বাড়ায় জোয়ারের পানি নগরীর দিকে চলে এসে এ জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।”
শাহ আমানত সেতুর কারণেও কর্ণফুলী নদীতে পলি জমে নদী ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান মেয়র এম. মনজুর আলমও কর্ণফুলীতে চট্টগ্রাম বন্দরের চলমান ক্যাপিট্যাল ড্রেজিংয়ের সমালোচনা করেন বলেন, “ড্রেজিংয়ের মাধ্যমে একদিকে বালি তুলে অন্যদিক ভরাট করা হচ্ছে, এতে পূর্বের চেয়ে বেশি জোয়ারের পানি নগরীতে ঢোকায় জলাবদ্ধতা হচ্ছে।”
ড্রেজিংয়ের ফলে নদীর গভীরতা অন্তত চার মিটার বাড়লেও নগরীতে জলাবদ্ধতা হওয়ার কথা না বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত টানা বর্ষণের ফলে মুরাদপুর, আগ্রাবাদ, বাকলিয়া, চকবাজার, আগ্রাবাদ এক্সেস রোড, বহদ্দারহাট, ষোলশহর দুই নম্বর গেইট, মোগলটুলীসহ নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে যায়।
এর আগে গত শনিবারও টানা বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চল তলিয়ে যায়। এছাড়া গত ২৬ জুন ব্যাপক বর্ষণের পর নগরীর অধিকাংশ এলাকা তলিয়ে গিয়েছিল।
গত ২০১০ সালের ১৭ জুন নির্বাচনে সিসিসির মেয়র নির্বাচিত হন বিএনপি সমর্থিত এম. মনজুর আলম। ১৮ জুলাই শপথ নেন তিনি। এর আগে তিন দফায় টানা ১৭ বছর মেয়র ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী করপোরেশনকে স্বাবলম্বী করে তুলতে আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের পরামর্শ দেন।
জবাবে মনজুর আলম বলেন, তিনি স্বাবলম্বী হতে বেশ কয়েকটি প্রকল্পও হাতে নিয়েছেন, কিন্তু এসব প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে না।
২৫৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব ঝুলে আছে বলে এম মনজুর আলম জানান।
স¤প্রতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নির্বাচিত হওয়া মনজুর আলম বলেন, ‘১৯৯০ সাল থেকে ২২ বছরে সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে মাত্র ৯১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এটি চাহিদার তুলনায় নিতান্তই সামান্য।’
নতুন কর আসছে না
আয় বাড়াতে নগরবাসীর ওপর অতিরিক্ত কর আরোপ করা থেকে মেয়রকে বিরত থাকার পরামর্শ দেন সাবেক মেয়র মহিউদ্দিন। নগরীর আদি বাসিন্দাদের ওপর অতিরিক্ত কর আরোপ করা হয়েছে অভিযোগ করে তা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
এর জবাবে মনজুর আলম বলেন, “আমি নিজেও নগরীর আদি বাসিন্দাদের ওপর জুলুম চাই না। যারা বহুতল বহুতল ভবন করছে তাদের ওপরই করারোপ করা হয়েছে বলে তিনি দাবি করেন।”
সমাবশে সাবেক ও বর্তমান মেয়র নগরবাসীর সেবা নিশ্চিত করতে নগর সরকার পদ্ধতির পক্ষে মত দেন।
সেবা প্রতিষ্ঠানের কাজে সমন্বয়ে গুরুত্বারোপ
মনজুর আলম বলেন, গত দুই বছরে কাজ করতে গিয়ে বুঝেছি সেবা প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয়ের কোনো বিকল্প নেই।
সমন্বয়হীনতার কারণে জনদুর্ভোগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “করপোরেশনের রাস্তায় সিডিএ উন্নয়ন কাজ করে কিন্তু আমরা তা জানি না।”
মনজুর আলম বলেন, “বন্দরকে যে পরিমান সেবা কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া তার বিপরীতে সেই পরিমান করা পাওয়া যাচ্ছে না। বছরে বন্দরের কাছে যেখানে কর্পোরেশনের দাবি ৫৪ কোটি টাকা। সেখানে তারা দিচ্ছে মাত্র ২৪ কোটি টাকা।”
এ পর্যন্ত বন্দরের কাছে ৩৫০ কোটি টাকা পাওনা রয়েছে বলে মেয়র জানান।
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সিকান্দার খান, প্রকৌশলী জিয়া হাসান, সিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশের শুরুতে সিসিসির গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ওপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এসইউ/১৮২৮ ঘ.
bdnews24