২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৪৫ শতাংশ প্রতিবন্ধী শিশুকে স্কুল নিতে চায় না’

দেশের প্রতিবন্ধী শিশুদের স্কুলে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে বাড়লেও কর্তৃপক্ষের অনীহার কারণে প্রায় ৪৫ শতাংশ শিশু স্কুলে ভর্তি হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:24 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিবন্ধী শিশুদের স্কুলে যাওয়ার হার উল্লেখযোগ্য হারে বাড়লেও কর্তৃপক্ষের অনীহার কারণে প্রায় ৪৫ শতাংশ শিশু স্কুলে ভর্তি হতে পারে না। বেসরকারি উন্নয়ন সংস্থা চাইল্ড সাইট ফাউন্ডেশন (সিএসএফ) এবং লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন পরিচালিত এক সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘রেজাল্ট ডিসেমিনেশন ওয়ার্কশপ অন চাইল্ডহুড ডিজ্যাবিলিটি স্টাডি ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় এই সমীক্ষার তথ্য তুলে ধরেন সিএসএফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক মোহাম্মদ মুহিত। তিনি বলেন, “আমাদের ধারণা ছিল প্রতিবন্ধী শিশুদের মধ্যে ৪ থেকে ৫ শতাংশ স্কুলে যায়। কিন্তু আমরা এই গবেষণা করতে গিয়ে দেখেছি এখন ৩০ থেকে ৪০ শতাংশ প্রতিবন্ধী শিশু কোনো না কোনোভাবে স্কুলে যাচ্ছে। আর বাকী যে ৬০ শতাংশ শিশু স্কুলে যাচ্ছে না তার মূল কারণ স্কুল তাদেরকে নেয় না। এরা প্রায় ৪৫ শতাংশ। “আর একটি বড় কারণ হচ্ছে প্রতিবন্ধিতা সম্পর্কে ওই শিশুদের বাবা-মায়ের ভ্রান্ত ধারণা। তারা ভেবেই নেয় যে এই বাচ্চাদের দিয়ে কিছু হবে না।” ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়া জেলায় পরিচালিত এই সমীক্ষা থেকে জানা যায়, বর্তমানে দেশে প্রায় ছয় লাখ দুই হাজার আটশ ৮৪ জন শিশু ‘মারাত্মক প্রতিবন্ধিতার শিকার’। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৫০ জন শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত। মৃগী রোগে আক্রান্ত ৯২ হাজার ৫শ ৭জন, দৃষ্টি প্রতিবন্ধী ৩৭ হাজার ৫শ ৬৫ জন এবং শ্রবণ প্রতিবন্ধী ১৬ হাজার ৩শ ১৭ জন। মুহিত সেরিব্রাল পালসিতে আক্রান্ত বিপুল সংখ্যক শিশুর কথা উল্লেখ করে দেশে ফিজিওথেরাপির অপ্রতুলতাকে চিহ্নিত করে এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। “ফিজিওথেরাপির সামান্য সুবিধাটুকু পেলে এইসব শিশু সহজেই আরোগ্য লাভ করতে পারে।” অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রতিবন্ধী শিশুদের ব্যাপারে শিক্ষকদের ‘অনীহা’র বিষয়টি স্বীকার করে বলেন, “আমি জানি প্রতিবন্ধী শিশুদের স্কুলে ভর্তির ব্যাপারে অনীহা মাস্টার সাহেবদের আছে। “এ জন্য প্রতিটি স্কুলে প্রতিবন্ধী শিশুদের জন্য ১০শতাংশ আসন সংরক্ষণের নির্দেশ দিয়েছি।” এছাড়া প্রতিবন্ধী শিশুদের জন্য সরকারি বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রত্যেক ইউনিয়নে অন্তত একটি করে বিশেষায়িত প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করা হবে বলেও জানান মন্ত্রী। বিশেষ অতিথি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক নাসিমা বেগম বলেন, প্রতিবন্ধিতা চিহ্নিতকরণে সরকারি জরিপ পরিচালিত হচ্ছে। জরিপ চূড়ান্ত হলে প্রতিবন্ধিতার ধরণ এবং মাত্রা দেখে তাদেরকে ‘সুবর্ণ নাগরিকের’ কার্ড দেওয়া হবে। এই কার্ড ব্যবহার করে প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। কর্মশালায় সভাপতিত্ব করেন সিএসএফ সভাপতি অধ্যাপক এ এইচ সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ সচিব রণজিৎ কুমার বিশ্বাস, গবেষণার সমন্বয়কারী লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন এর গবেষক আইলা ম্যাকটাগার্ট, ইন্ডিয়ান ইন্সটিটিউট আব পাবলিক হেলথ, হায়দ্রাবাদ এর পরিচালক প্রফেসর জিভিএস মূর্তি, ক্রিশ্চিয়ান ব্লাইন্ড মিশন (সিবিএম) এর দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক ড. সারা ভরগ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এইচএ/২২১৭ ঘ.