দিনাজপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে দিনাজপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভারপ্রাপ্ত ওই প্রধান শিক্ষক একাই পাঠদান করছেন বিদ্যালয়টির বিভিন্ন শ্রেণীর ১৮০ শিক্ষার্থীকে।
বীরগঞ্জ উপজেলার ‘নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি অফিস সামলানোর দায়িত্বও পালন করতে হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মালেকুন্নেছাকে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয়টিতে তিনিসহ তিনজন শিক্ষক ছিলেন। এর মধ্যে একজন প্রেষণে নিয়োগ পাওয়া।
“জুন মাসে ডেপুটেশনে থাকা শিক্ষককে সরিয়ে নেওয়া হয়। এছাড়া যৌন নিপীড়নের অভিযোগে ২৬ জুন ফয়েজ উদ্দিন নামে অপর সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।”
বিদ্যালয়টিতে শিশু শ্রেণীতে ২২, প্রথম শ্রেণীতে ৩৭, দ্বিতীয় শ্রেণীতে ৩২, তৃতীয় শ্রেণীতে ৪২, চতুর্থ শ্রেণীতে ২৯ এবং পঞ্চম শ্রেণীতে ১৮ জন শিক্ষার্থী রয়েছে।
শিক্ষকের দাবিতে রোববার বিক্ষোভও করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
এ বিষয়ে বীরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম মণ্ডল শিক্ষক সঙ্কটের কথা স্বীকার করে বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
তবে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার জানান, শিক্ষক বরখাস্তের বিষয়টি তার জানা থাকলেও শিক্ষক সঙ্কটের কথা তার জানা ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/২০২০ ঘ.
bdnews24