২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দরে অটো রাইস মিলস প্ল্যান্ট আটক

ব্যাংকের কাগজপত্র ‘জালিয়াতি’ করে ভারত থেকে আমদানি করা দুটি অটো রাইস মিলস প্ল্যান্ট আটক করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 05:53 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

বেনাপোল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংকের কাগজপত্র ‘জালিয়াতি’ করে ভারত থেকে আমদানি করা দুটি অটো রাইস মিলস প্ল্যান্ট আটক করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। রোববার খালাসের সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা প্রায় দেড় কোটি টাকা মূল্যের দুটি অটো রাইস মিলস প্ল্যান্ট আটক করেন বলে জানান বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানায়, নাটোর গমাতিয়া বনপাড়ার ‘রশিদ অটোমেটিক রাইস মিলস লিমিটেড’ ভারত থেকে দুটি অটো রাইস মিলস প্ল্যান্ট আমদানি করে। এ জন্য দুটি ঋণপত্র খোলা হয় প্রাইম ব্যাংকের রাজশাহী সাহেব বাজার শাখায়। পণ্য খালাসের জন্য সিএন্ডএফ এজেন্ট মেসার্স বকুল এন্ড ব্রাদার্স গত ৮ জুলাই কাগজপত্র দাখিল করে। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক বিভাগের গোয়েন্দা কর্মকর্তারা জানতে পারেন, ঋণপত্র অনুয়ায়ী ব্যাংকের এক কোটি ৩৫ লাখ ৫ হাজার ৪৫০ টাকা পরিশোধ করা হয়নি। ব্যাংকের অনাপত্তি পত্রটি (এনওসি) জাল। বেনাপোল কাস্টমস গোয়েন্দা বিভাগের রাজস্ব কর্মকর্তা আবু তৌহিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দারা জানতে পারেন যে আমদানি করা অটো রাইস মিলস প্ল্যান্টের কাগজপত্রে ব্যাপক জালিয়াতি হয়েছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষকে মালামাল খালাস না করতে চিঠি দেওয়া হয়েছে।” আমদানিকারকের ঋণপত্র ও ব্যাংকের অনাপত্তি পত্র যাচাই করে দেখা হচ্ছে বলে জানান তৌহিদ। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার আকবর আলি সাংবাদিকদের জানান, দুটি অটো রাইস মিলস প্ল্যান্ট খালাসের সময় আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিএন্ডএফ এজেন্ট মেসার্স বকুল এন্ড ব্রাদার্স এর সত্ত্বাধিকারী আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমদানিকারক যেসব কাগজপত্র দিয়েছে, তাই তারা বন্দরে দাখিল করেছেন। কাগজে ‘ঝামেলা’ থাকায় কর্তৃপক্ষ অটোরাইস মিল প্ল্যান্ট দুটো আটক করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৫০ ঘ.