ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা বিদ্রোহের সময় বিদ্রোহী জওয়ানদের সঙ্গে সমঝোতা অথবা বিডিআর সদর দপ্তরে অভিযান চালানোর জন্য সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।
সোমবার পিলখানা হত্যা মামলায় আদালতে হাজির হয়ে নিজের জবানবন্দি উপস্থাপন করেন জহিরউদ্দিন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ওই বিদ্রোহের ঘটনার পর প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক সম্পর্কে এক প্রশ্নের জবাবে জহিরউদ্দিন আহমেদ বলেন, “পিলখানার বিদ্রোহের ঘটনায় আমরা প্রধানমন্ত্রীর কাছে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম।”
“সমঝোতা না করলে সামরিক অভিযানের কথা বলেছিলাম আমরা”, বলেন তিনি।
পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের এই বিশেষ এজলাসে জহিরউদ্দিন আহমেদকে প্রথমে জেরা করেন আসামিদের আইনজীবী আমিনুল ইসলাম। এরপর তাকে জেরা করেন আাসামি পক্ষের আরেক আইনজীবী শামীম সরদার।
জবানবন্দিতে নৌপ্রধান বলেন, “সকাল ১০টায় পিলখানায় গন্ডগোলের খবর পাওয়ার পর দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডাক আসে। এরপর প্রধানমন্ত্রীর তৎকালীন বাসভবন যমুনায় গেলে সেখানে সেনা প্রধান এবং বিমানবাহিনী প্রধানের সঙ্গে দেখা হয়। এর প্রায় এক ঘণ্টা পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়।”
“সমঝোতা অথবা সামরিক অভিযানের কথা বলার পর প্রধানমন্ত্রী বের হয়ে যান এবং কিছুক্ষণ পর ফিরে এসে জানান, বিডিআর সদস্যরা সমঝোতার জন্য আসছে” যোগ করেন জহিরউদ্দিন আহমেদ।
তিন বাহিনী প্রধানের যমুনায় অবস্থানকালেই ডিএডি তৌহিদসহ ১২/১৪ জন বিডিআরের সদস্য দল আসে উল্লেখ করে নৌপ্রধান বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিডিআর সদস্য উচ্চস্বরে এবং উত্তেজিতভাবে কথা বলে। তারা সাধারণ ক্ষমার ঘোষণা সংসদে পাস করার দাবি তোলে।”
এ সময় প্রধানমন্ত্রী পিলখানার ভেতরে সেনাকর্মকর্তাদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিডিআর সদস্যরা জানায়, তারা ভালো আছে।
“বৈঠক করতে যাওয়া বিডিআর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এখনি পিলখানায় ফোন করে অস্ত্র সমর্পনের নির্দেশ দাও। তিনি আমাদের দেখিয়ে বলেন, এখানে তিন বাহিনীর প্রধান আছেন আত্মসর্মপণ না করলে তারা কঠিন এ্যাকশনে যাবে।”
এরপর প্রধানমন্ত্রীর সাধারণ ক্ষমার মৌখিক আশ্বাসের পর বিডিআর সদস্যরা আত্মসমর্পণে সম্মত হয়ে পিলখানায় ফিরে যায়।
বৈঠককালে সেনা কর্মকর্তাদের হত্যার কথা বিডিআর সদস্যরা স্বীকার করেননি উল্লেখ করে নৌ প্রধান জহির উদ্দিন বলেন, “আমি যেকোনো মুহুর্তের যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য নৌবাহিনীকে সর্তক অবস্থায় রাখি।”
পরে আসামি ডিএডি মীর্জা হাবিবুর রহমানের পক্ষে সরকার নিযুক্ত আইনজীবী নূরুল ইসলাম নৌ প্রধানকে জেরা করতে দাঁড়ালে তাকে বাধা দেন হাবিবুর।
তিনি আদালতে চিৎকার করে বলেন, “আমি আইনজীবী নিয়োগ করিনি, আমি নিজেই জেরা করব।”
এ সময় আদালত জানান, কেউ আইনজীবী নিয়োগ না করলে সরকার পক্ষ থেকে তা নিয়োগ দেওয়া হয়। তাছাড়া নিজে জেরা করার আইনে নেই। কিন্তু হাবিবুর তা মানতে অস্বীকার করেন। পরে তার পক্ষে আর জেরা হয়নি।
দুপুর সোয়া একটার দিকে জেরা শেষে নৌ প্রধান আদালত থেকে বের হয়ে চলে যান।
এ সময় নৌ প্রধান সাংবাদিকদের বলেন, “একজন বাহিনীর প্রধান হিসাবে এবং পোশাকে আমি প্রথম এই আদালতে সাক্ষী দিলাম।”
সমঝোতার পক্ষে মত দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, “সবাই তো আমাদের নিজেদের মধ্যেই। ভাই, আত্মীয়স্বজন- এজন্যই সমঝোতার পক্ষে মত দেওয়া হয়।”
আদালত সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে মাঝে দুই দফা বিরতি দিয়ে বিকাল পৌনে ৫টায় শেষ হয়। এদির নৌপ্রধানসহ আট জন এ মামলায় সাক্ষ্য দেয়। আগামী ১৮ জুলাই বুধবার সকাল ৯টায় আদালত আবার বসবে।
গত ৪ জুলাই এ আদালতের বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানকে তলব করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/আরএ/১৮২৫ ঘ.
bdnews24