ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় জরুরি বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
এ ঘটনায় ৮ কর্মীকে বহিষ্কারের সুপারিশ করেছে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি হলের ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হন সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান ওরফে সোহেল রানা।
রাতেই তাকে রাজশাহী থেকে ঢাকা পাঠানো হলে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় সোহেল রানাকে। সোয়া ১২টার দিকে তার মৃত্যু হয়। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
রংপুর জেলা জামায়েত ইসলামীর আমির মাহবুবুর রহমান বেলাল দাবি করেছেন, নিহত সোহেল রানা রংপুরের কাউনিয়া উপজেলা জামায়েত ইসলামীর আমির আব্দুস সালাম সরকারের ছেলে। সে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হল ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল বলেও সংগঠনটির নেতারা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডাকা হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ এবং সোহরাওয়ার্দী হল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গত রাত থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
ওই দুই হলে ছাত্রলীগের বিবাদমান দুটি পক্ষ রোববার রাত ১২টার দিকে সংঘর্ষে জড়ায়। আবাসিক শিক্ষার্থীরা জানান, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু হুসাইন বিপু সমর্থক সহসভাপতি আখেরুজ্জামান তাকিমের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আহমেদ আলী সমর্থক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনের কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় গুলির পাশাপাশি বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে শিক্ষার্থীরা জানায়।
রাজশাহীর মতিহার থানার ওসি আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলে রাত আড়াইটা থেকে ভোর পর্যন্ত তল্লাশি চলে।
তবে হল থেকে কোনো অস্ত্র উদ্ধার বা কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি।
ছাত্রলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শেখ রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হয়েছে।
তবে কেন্দ্র থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি বলে জানা তিনি।
এই আট ছাত্রলীগ কর্মী হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, সহ সভাপতি আখেরুজ্জামান তাকিম, তাজমহল হিরো, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনজির লিটন, উপ দপ্তর সম্পাদক আতিকুর রহমান আতিক, উপ পাঠাগার সম্পাদক নাজিম আহমেদ সেতু, তানিম আহমেদ ও কৌশিক হোসেন।
গত ২৬ জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি গঠনের পর থেকেই উত্তেজনা চলছিল। এর জের ধরেই বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধেছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
সাংগঠনিক সম্পাদক তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সভাপতি আহমেদ আলীকে নিয়ে অশ্লীল গালিগালাজ করায় তাকিমের সঙ্গে আমার বাগবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর সে মাদারবখশ হলের সভাপতির কক্ষে (২৩৮ নং কক্ষ) ইট-পাথর ছুড়তে থাকে। আমরা এর প্রতিবাদ করলে সে (তাকিম) তার দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে এবং পিস্তল দিয়ে গুলি ছোড়ে।”
তবে সাধারণ সম্পাদক বিপুর অনুসারী ছাত্রলীগ নেতারা দাবি করেছেন, তুহিনরাই গুলি ছুড়েছে এবং তাতে শেরে বাংলা হল ছাত্রলীগের নেতা সোহেল গুলিবিদ্ধ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫৩০ ঘ.
bdnews24