ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণ বাতিলের প্রক্রিয়া ও পদ্ধতি সম্পর্কে বিশ্ব ব্যাংকের কাছে যথাসময়ে ও যথাস্থানে বাংলাদেশ ব্যাখ্যা চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
দীপু মনি বলেছেন, “বিশ্ব ব্যাংকের ঋণ বাতিলের ঘটনায় আমরা সংক্ষুব্ধ। একটি সার্বভৌম দেশ হিসেবে আমরা সব সময়ই এর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইতে পারি এবং আমরা তা চাইবও।”
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, দুর্নীতির অভিযোগ প্রমাণ করে এমন কোন বিশ্বাসযোগ্য তথ্য বিশ্বব্যাংক দেয়নি। এছাড়া ঋণচুক্তি বাতিলের ক্ষেত্রেও তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেনি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ঋণদাতা এ সংস্থার দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে যা শুধুমাত্র একটি প্রকল্পের কারণে নষ্ট হতে পারে না।
“হ্যাঁ, একটি প্রকল্পের বিষয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও অন্য প্রকল্পগুলিতে বিশ্ব ব্যাংক অর্থায়ন করছে।”
২৮ জুন দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক বহুল আলোচিত ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে তার প্রতিশ্রুত অর্থায়নের চুক্তি বাতিল করে।
এ সেতু নির্মিত হলে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৬টি জেলার সড়ক সংযোগ স্থাপিত হবে এবং ওই জেলাসমূহের প্রায় ৬ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
ঋণচুক্তি বাতিলের ঘটনা বাংলাদেশের ভাবমূর্তির উপর কোন ক্ষতিকর প্রভাব ফেলবে না মন্তব্য করে দীপু মনি বলেন, “এখনো কিছুই প্রমাণিত হয়নি। আমার মনে হয়, বাংলাদেশের ভাবমূর্তির উপর ক্ষতিকর প্রভাব ফেলে এমন কিছুই ঘটেনি।”
এ প্রকল্পে জাপানি সহায়তা বিষয়ে তিনি বলেন, প্রয়োজনে নিজস্ব তহবিল থেকে এ সেতু নির্মাণে সরকার দৃঢ়প্রতিজ্ঞ জানিয়ে সব সহযোগী গোষ্ঠীর কাছে একটি কড়া বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
“আমরা তাদেরকে বলেছি তারা আমাদের সাহায্য করলে আমাদের ওপর চাপ কমবে।”
রোহিঙ্গা
দীপু মনি বলেন, মায়ানমারের উদ্বাস্তু ও অবৈধ নাগরিকদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর ব্যাপারে ঢাকা স্পষ্ট অবস্থান নিয়েছে।
তিনি বলেন, “তাদের যেতে হবে এবং আমরা দ্বিপক্ষীয়ভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করছি। এ মুহূর্তে বিষয়টিকে আন্তর্জাতিক মহলে তোলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।”
দেশের বিভিন্ন শিবিরে ২৮ হাজার মায়ানমারের উদ্বাস্তু বাস করছে। এছাড়াও রোহিঙ্গা নামে পরিচিত মায়ানমারের প্রায় ৫ লাখ নাগরিক অবৈধভাবে বাংলাদেশে বাস করছে।
মায়ানমারের প্রেসিডেন্ট থিয়েন সেইনের সাম্প্রতিক বিবৃতির বিষয়ে তিনি বলেন, “তিনি তার নাগরিকদের সম্পর্কে যা বলেছেন তা সম্পূর্ণভাবে তাদের আভ্যন্তরীণ বিষয়। এবিষয়ে আমি কোন মন্তব্য করব না।”
১২ জুলাই শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার আন্তোনিও গুইতেরেজের সঙ্গে এক বৈঠকে মায়ানমারের প্রেসিডেন্ট বলেন, রোহিঙ্গাদেরকে জাতিসংঘের শরণার্থী শিবির বা তৃতীয় কোনো দেশে পাঠানোর মাধ্যমেই রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গার সমাধান হতে পারে।
দীপু মনি বলেন, ১৫ জুলাই মায়ানমারের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা থাকলেও তা পিছিয়ে রমজানের পরে নির্ধারণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জিএনএ/২২৪৪ ঘ.
bdnews24