ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে জাপান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত শিনো সাদোশিমা।
রোববার জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ‘ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অব বাংলাদেশ’ (ডিক্যাপ) আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের করদাতাদের অর্থ দেওয়া নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সেজন্য ওই ঋণচুডক্তির বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা চলছে।”
পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক যে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তার যোগান দেওয়া জাপানের পক্ষে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার জন্য চুক্তি করলেও দুর্নীতির অভিযোগ তুলে তা প্রত্যাহার করে বিশ্ব ব্যাংক। ওই প্রকল্পে ৪০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করা জাপানের সহযোগিতা সংস্থা জাইকা বলছে, তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
রাষ্ট্রদূত বলেন, দুর্নীতি প্রতিরোধ এবং ন্যায় পরায়নতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কী পদেক্ষেপ নেয়, তার ওপরই জাপানের সিদ্ধান্তের বিষয়টি নির্ভর করবে।
তবে ঢাকায় মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নে টোকিও থেকে ‘সুসংবাদ’ আসবে বলেই তিনি আশা প্রকাশ করেন।
পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, “জাপান অর্থায়নের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাপানের পক্ষে একার কিছু করা সম্ভব নয়।”
পদ্মা সেতু প্রকল্পে ওঠা দুর্নীতির অভিযোগ বাংলাদেশ সরকার খতিয়ে দেখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাদোশিমা বলেন, “কিছু অভিযোগ উঠেছে। বাংলাদেশকে সে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) বাংলাদেশের অবস্থা সুপারিশযোগ্য নয়।”
তবে সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিবিরোধী নীতিমালা বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা রয়েছে উল্লেখ করে জাপানি রাষ্ট্রদূত বলেন, “এটা হলে সুফল পাওয়া যাবে বলে।”
তিনি বলেন, কেবল পদ্মা সেতু নির্মাণই সরকারের একমাত্র লক্ষ্য নয়। জনগণের কল্যাণই সরকারের মূল উদ্দেশ্য।
“প্রকল্পে অর্থায়নের ব্যয় বেড়ে গেলে সেতু ব্যবহারে জনগণের খরচও বাড়বে। তা কমাতে গেলে সরকারকে অনেক বেশি ভর্তুকি দিতে হবে। এতে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের এ বিষয়গুলোও দেখতে হয়।”
বাংলাদেশে গণতন্ত্র ‘সঠিক নিয়মে’ চলছে বলেও মন্তব্য করেন জাপানি রাষ্ট্রদূত।
তিনি বলেন, “বিনিয়োগকারীর দৃষ্টিতে এটা ভাল কোনো বিষয় নয়। আমি আশা করি, আগামী বছরগুলোতে এই অস্থিরতা কমে আসবে।”
তবে বাংলাদেশের ওপর জাপানের আস্থা রয়েছে জানিয়ে সাদোশিমা বলেন, এ দেশে জাপানি বিনিয়োগও দিন দিন বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমডি/জেকে/১৭২২ ঘ.
bdnews24