হবিগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যথাযথ নিয়ম অনুসরণ না করে আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেসে যাত্রী তল্লাশির অভিযোগে হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগের এক সহকারী উপ-পরিদর্শকসহ দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামরুল ইসলাম ও কনস্টেবল মোহাম্মদ আলী।
হবিগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট কামরুল আমীন শনিবার বেলা ২টায় তাদের বরখাস্তের আদেশ দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টায় কামরুল ইসলাম ও মোহাম্মদ আলী ঢাকা-সিলেট রুটে ভৈরব স্টেশন থেকে সাদা পোশাকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে উঠে যাত্রীদের ব্যাগ তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে যাত্রীরা ছিনতাইকারী ভেবে তাদেরকে রেলওয়ে পুলিশের হাতে সোপর্দ করে। তাদের কাছে পুলিশের ইউনিফর্ম, আগ্নেয়াস্ত্র বা পরিচয়পত্র না পাওয়ায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি ওয়াসিম আল বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ পুলিশের গোয়েন্দা বিভাগের এসআই কামাল উদ্দিন কামরুল ইসলাম ও মোহাম্মদ আলীকে শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে নিজ জিম্মায় ছাড়িয়ে আনেন।
এ ঘটনায় নিজে বাদী হয়ে বরখাস্ত দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান ওসি।
এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার কামরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনে যাত্রীদের তল্লাশির সময় এই দুই পুলিশ সদস্যের কাছে ইউনিফর্ম, আগ্নেয়াস্ত্র এমনকি পরিচয়পত্রও না থাকায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১২১ ঘ.
bdnews24