ঢাকা, জুলাই ১৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিক নেতাদের সম্পর্কে এটিএন বাংলা চেয়ারম্যানের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রোববার চ্যানেলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিক সমাজ।
শনিবার ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, জাতীয় প্রেসক্লাবসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আমরা রোববার এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে না যাওয়ার সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি।”
“একই সঙ্গে এই সভা থেকে সুুশীল সমাজের প্রতি অনুরোধ রাখা হয়েছে, যাতে ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের হাতে ফুল দিয়ে কেউ যেন স্বাগত না জানায়।”
জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আগামী ১৭ জুলাই প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
সভায় সাগর-রুনি হত্যাকাণ্ড, যশোরের শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন ও সিলেটের বিয়ানিবাজারের সাংবাদিক জুনায়েদ হত্যাকাণ্ডের বিচার এবং প্রথম আলোর তিন সাংবাদিক নির্যাতনে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার দাবি জানানো হয়।
পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন স্থানে সাংবাদিক হয়রানি ও নাজেহাল হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয় সভায়।
সভায় অন্যদের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহীদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনক হোসেন, যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি খাজা মাইনুদ্দিন, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউর রহমান খান, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটুসহ সংগঠনের অন্য নেতারা বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭১৯ ঘ.
bdnews24