২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে দুই ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি

বাগেরহাট শহরে বৃহস্পতিবার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 02:18 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

বাগেরহাট, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরে বৃহস্পতিবার দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাসায় চুরি হয়েছে। সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময় মিঠাপুকুর পাড় এবং সরুই আলীয়া মাদ্রাসা রোডে তাদের ভাড়া ফ্লাটে এ চুরির ঘটনা ঘটে। এ দুই বাসায় থাকেন জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা বেগম এবং মুশতানজিদা পারভীন। পুলিশ জানায়, মাহামুদা বেগমের মিঠাপুকুর পাড়ের ‘আশফাক ম্যানসন’র দোতালার একটি ফ্ল্যাটের ওয়্যারড্রোব ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার ও পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়। ঘরে ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী থাকলেও সেগুলো নেয়নি। এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে মাহামুদার স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশতানজিদা পারভীন আলীয়া মাদ্রাসা রোডের ‘নূরজাহান ম্যানশন’র একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। তার ঘরের আলমারি ভেঙ্গে পাঁচ হাজার টাকা নিয়ে গেছে। তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন, কিন্তু মামলা করেননি। বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) হুমায়ুন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুরির সময় বাসায় কেউ ছিল না। দুই নারী ম্যাজিস্ট্রেট তাদের বাসা থেকে মোট সাত ভরি স্বর্ণালংকার ও পঞ্চান্ন হাজার টাকা চুরি গেছে বলে জানিয়েছেন। বাগেরহাট মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, দিন-দুপুরে শহরে দুই নারী ম্যাজিস্ট্রেটের ফ্লাটে চুরির ঘটনা পুলিশ গুরুত্বের সঙ্গে দেখছে। চোর আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০০০ ঘ.