ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাইকে নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে সরকারি কর্মকর্তাদের জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জেলা প্রশাসক সম্মেলন শেষে বৃহস্পতিবার প্রশাসনিক কর্মকর্তাদের সমিতির বার্ষিক নৈশভোজে তিনি পদোন্নতির বিষয়ে সরকারের অবস্থান প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহ সরকারি কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টিতে প্রধানমন্ত্রীর মনোযোগ চেয়ে বলেন, “অনেক যোগ্য প্রশাসনিক কর্মকর্তা পদোন্নতির অপেক্ষায় রয়েছে।”
তখন প্রধানমন্ত্রী বলেন, “সবাইকে তো পদোন্নতি দেওয়া যায় না। আমরা মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পদোন্নতি দিয়েছি।”
এর আগের সরকারগুলোর সময়ে সরকারি কর্মকর্তাদের ওএসডি করে রাখা এবং পদোন্নতিতে জট সৃষ্টি করা হয়েছিল জানিয়ে তিনি বলেন, “আমরা চাই সমস্যা দূর করতে। আমরা পদোন্নতির জট দূর করে মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের প্রমোশনের ব্যবস্থা করেছি।”
যুগোপযোগী ও কার্যকর প্রশাসন গড়ার জন্য সিভিল সার্ভিস অ্যাক্ট প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “আমাদের সরকার যুগোপযোগী ও কার্যকর প্রশাসন গড়ে তোলার জন্য ন্যায়সঙ্গত উদ্যোগে দৃষ্টি দেবে। মাঠ প্রশাসনের বিভিন্ন সমস্যা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রেও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।”
ভূমি সংক্রান্ত জটিলতার অবসানে এর নিবন্ধন ডিজিটালাইজড করে জনগণের হয়রানি কমাতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
“বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও সামাজিক উন্নয়ন খাতে ব্যাপক উন্নতি সাধন করেছি,” বলেন তিনি।
নিয়ম-শৃঙ্খলার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে নিজের অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা জনগণের কল্যাণে কাজ করতে সরকারি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানান।
তিনি বলেন, “রমজানে গরিব মানুষ যেন খাদ্য পায়, আমরা তা চাই। পুরো রমজানে তাদের বিনা পয়সায় খাদ্য পৌঁছে দেব।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসেইন ভূইঞা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন সমিতির সভাপতি আবু আলম মোহাম্মদ শহীদ খান।
অনুষ্ঠানে আলোচনা পর্বের পর প্রধানমন্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন এবং নৈশভোজে অংশ নেন।
‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পদ্মা সেতু করতে পারব না?’
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে নিজের দৃঢ় আশাবাদের কথা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নৈশভোজেও প্রকাশ করেছেন শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। সামান্য একটা পদ্মা সেতু করতে পারব না ?
“আমরা স্বাধীন দেশ। কারো দয়ায় নয়, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা গর্বিত জাতি। আমরা কারো অন্যায় আবদার মেনে নিতে পারি না।”
দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের পর দেশের অর্থে এই প্রকল্প বাস্তবায়নের রূপরেখা তুলে ধরেন শেখ হাসিনা। এতে দেশে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
দশম শ্রেনীর এক ছাত্র, নওগাঁর মান্ডার এক কলেজ ছাত্র এবং ঝিনাইদহের এক দিনমজুর টেলিফোনে পদ্মা সেতুর জন্য অর্থ দিতে চেয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “নতুন প্রজন্মের মধ্যে আমি যে উন্মেষ দেখেছি, তাদের মর্যাদাবোধ আমাকে আশান্বিত করে, আমরা এগিয়ে যাব।”
যোগাযোগ ও বিদ্যুৎ খাতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বন্ধের পরও এই দুই খাতে উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, “ঋণ পাইনি বলে কী কাজ হয়নি?”
শেখ হাসিনা বলেন, “আমরা নতুন আঙ্গিকে পদ্মা সেতু করতে চাই। সোজা কথায় দোতলা ব্রিজ। ওপরে গাড়ি চলবে, আর নিচ দিয়ে ট্রেন যাবে।”
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, “পদ্মা সেতু নির্মাণে আমরা সরকারি কর্মকর্তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। বেতন-ভাতা থেকে শুরু করে আমরা জনগণের দুয়ারে দুয়ারে যেতে প্রস্তুত। আমাদের সন্তানরাও ত্যাগ স্বীকারে প্রস্তুত।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২৩০০ ঘ.
bdnews24