সিলেট, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের পুড়িয়ে ফেলা কক্ষগুলো দেখতে গেলেন অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার বিকেলে কলেজ ছাত্রবাস পরিদর্শনের সময় ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন দুই মন্ত্রী।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ পুড়ে যাওয়া ওই ছাত্রাবাসের আবাসিক ছাত্র ছিলেন। বিকালে ছাত্রবাসের সামনে দাঁড়িয়ে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। ঘুরে দেখেন পুড়ে যাওয়া সবকটি ব্লক।
এর কিছুক্ষণ পরে ছাত্রবাস পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
রোববার সন্ধ্যায় সরকার সমর্থক ছাত্রলীগ শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘর্ষ হয়। একপর্যায়ে এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়।
এতে ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৭০টির মতো কক্ষ। তিন ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও ওইসব কক্ষের শিক্ষার্থীদের বই-খাতা, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে যায়।
পরে সোমবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ দু’টি তদন্ত কমিটি গঠন করে।
এছাড়া ছাত্রলীগের এক কর্মী শতাধিক শিবিরকর্মীকে আসামি করে একটি মামলা করেছেন। কলেজ কর্তৃপক্ষও একটি মামলা করেছে।
ছাত্রবাস পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, ছাত্রবাসে আগুন দেয়ার সঙ্গে জড়িত কেউ রেহাই পাবে না। দুটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্তে গাফিলতি হলে প্রয়োজনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুনরায় তদন্ত কমিটি গঠন করা হবে।
এমসি কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৯২ সালে। আর ছাত্রাবাসটি প্রতিষ্ঠিত হয় ১৯২০ সালে।
প্রায় শতবর্ষী এ ছাত্রাবাসটিকে পুরনো আদলে তৈরি করতে কাজ শুরু হয়েছে জানিয়ে নাহিদ বলেন, ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রবাসকে ওয়ার্ল্ড হেরিটেজ এ রূপান্তরের চিন্তাভাবনা করছিল শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু কিছু বিপথগামী ছাত্রের কারণে তা আর সম্ভব হল না।
এসময় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামারান, সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, এমসি কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী সিলেটের বিয়ানীবাজারে সিলেট গ্যাস ফিল্ডের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের আওতায় বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার ২৮০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১০৮ ঘ.
bdnews24