ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বেড়িবাঁধ কেটে চিংড়ি ঘেরে লবণাক্ত পানি ঢোকানোর সুযোগ না দিতে ডিসিদের প্রতি নির্দেশ দিয়েছেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন।
এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
ডিসি সম্মেলনের শেষদিনে পানিসম্পদ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত কার্যঅধিবেশনে ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দেন রমেশ চন্দ্র সেন।
তিনি সাংবাদিকদের বলেন, “চিংড়ি ঘেরে লোনা পানি ঢোকাতে বেরিবাঁধগুলো কেটে ফেলায় এগুলো দুর্বল হয়ে পড়ছে। ফলে সামান্য প্রাকৃতিক দুর্যোগ হলেই বাঁধগুলো ভেঙে যাচ্ছে। এতে স্থানীয় মানুষ ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বন্ধে আদালতেরও নির্দেশনা রয়েছে।”
খুলনাসহ দেশের দক্ষিণাঞ্চলে লোনা পানিতে চাষ করা চিংড়ি দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস। তবে ঘেরে লোনা পানি ঢোকানোতে বাঁধ কাটার পাশাপাশি জমির উর্বরতা শক্তিও কমছে।
জেলা প্রশাসক সম্মেলনে সিলেটসহ হাওর অঞ্চলের আকস্মিক বন্যা মোকাবেলার পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
পানিসম্পদমন্ত্রী বলেন, হাওর এলাকার সমস্যা সমাধানে সরকার মহাপরিকল্পনা নিয়েছে। জলাবদ্ধতা এবং আকস্মিক বন্যা এড়াতে বিভিন্ন নদী খনন, নদী শাসন এবং নদী তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে ডিসিদের সহায়তা করতে হবে।
দেশের নদীর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার গঙ্গা বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে। এ বছর সম্ভব না হলেও আগামী বছরের শুরুতেই এ বাঁধ নির্মাণ শুরু হবে বলে মন্ত্রী জানান।
বৈঠকে মৌলভীবাজারের জেলা প্রশাসক মনু সেচ প্রকল্পের ৩০ বছরের আগের বাঁধ সংস্কার ও যন্ত্রপাতি প্রতিস্থাপন, হাকালুকি হাওরে পানি নিষ্কাষণ প্রকল্পের কাজ, কালনী ও কুশিয়ারা নদীর খননের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক যমুনা খনন এবং নদীশাসনের মাধ্যমে প্রায় তিন কিলোমিটার ভূমি উদ্ধার ও প্রস্তাবিত শিল্প পার্ক গড়ে তোলার বিষয় তোলেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ব্রহ্মপুত্র নদের øান ঘাটটি সংস্কারের প্রস্তাব করেন।
ভোলার জেলা প্রশাসক বিভিন্ন বেড়িবাঁধ সংস্কার এবং মনপুরাসহ জেলার বিভিন্ন দ্বীপ রক্ষায় বাঁধ নির্মাণসহ বিভিন্ন প্রকল্প নেওয়ার প্রস্তাব জানান। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রামগতি এবং কমলনগরের নদী ভাঙন রোধ এবং মেহেরপুরের জেলা প্রশাসক ভৈরব নদী রক্ষা ও গড়াই নদী খননের প্রস্তাব দেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ভোলায় গ্যাসক্ষেত্র ও বিভিন্ন দ্বীপ রক্ষায় ইতোমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা প্রশাসকদের তদারকি করতে হবে।
এ অধিবেশনে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানও অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24