ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. হানিফ শিকদার (৩০) সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেনের ছোট ছেলে মুজিবুল ইসলাম পান্নার গাড়ি চালাতেন। সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক পান্না অফিস থেকে এই গাড়িটি পেয়েছেন। হাজী মকবুল কোম্পানিটির চেয়ারম্যান।
উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে হানিফের লাশ পাওয়া যায়।
সাদা রঙের একটি টয়োটা করোলা গাড়ির পেছনের আসনে থাকা লাশের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল।
“সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স এবং মৃহদেহের কাছে পড়ে থাকা মোবাইল ফোন থেকে নম্বর পেয়ে আমরা তার পরিচয় জানতে পারি। হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে”, বলেন এসআই রহিম।
নিহত হানিফের ভাতিজা তৈয়ব শিকদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, হানিফ গত চার বছর ধরে পান্নার গাড়ি চালাচ্ছেন।
পান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাসায় ঢোকার পর গাড়ির গ্যাস নেওয়ার জন্য বের হয়ে যায় হানিফ।
এরপর সকাল সাতটার দিকে তিনি জানতে পারেন হানিফ মারা গেছে।
সন্ধানি লাইফ ইন্সুরেন্স কোম্পানির পরিচালক পান্না জানান, কোম্পানি থেকে তিনি ওই গড়ি এবং চালক পেয়েছেন।
পান্না জানান, হানিফ তার বিশ্বস্থ চালক ছিলেন। গুলশানের বাসায় তার থাকার ব্যবস্থা ছিল।
ওই রাত আড়াইটার দিকে গুলশানের বাসার দারোয়ানকে ফোন করে ফিরতে দেরি হবে জানিয়ে হানিফ জানিয়েছে মোহাম্মদপুরে সে তার বোনের বাসায় আছে।
পান্না জানান, পরে হানিফের বোন মৃত্যুর খবর পেয়ে সকালে এসে জানান, রাতে হানিফের সাথে তার দেখা হয়নি।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার রহস্য বের করার জন্য পুলিশের প্রতি আহবান জানান পান্না ।
হানিফের বাড়ি পটুয়াখালীর গাবুয়া গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি /এলএইচ /জেকে/এসইউ/২০৩১ ঘ.
bdnews24