চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নিয়ে মেরিন ডিগ্রিধারীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিদের বিদেশি জাহাজের বিভিন্ন পদে চাকরি দেওয়ার অভিযোগে সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার নগরীর ডবলমুরিং থানায় কমিশনের সহকারী পরিচালক মো. শফিউল আলম মামলাটি দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে।
আসামিরা হলেন- সরকারি সমুদ্র পরিবহন অফিস, আগ্রাবাদের মাস্টার শেখ আলী আম্বিয়া, ইঞ্জিন ক্যাডেট সৈয়দ জিল্লুর রহমান, উচ্চমান সহকারী সুদীপ কুমার চক্রবর্তী, তিন অফিস সহকারি মো. জামাল উদ্দিন, শামসুল আলম ও এস এম আবদুল ওহাব এবং ‘মেসার্স প্রবর্তনা ট্রেডার্স’ এর মালিক শেখ মিরাজ আল মামুন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৭- ০৮ সালে বিদেশি একটি জাহাজে বিভিন্ন পদে চট্টগ্রাম মেরিন একাডেমির ডিগ্রিধারীদের বাদ দিয়ে অযোগ্য কিছু লোককে চাকরি দেওয়া হয়।
ডবলমুরিং থানার উপ পরিদর্শক (এসআই) মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিদের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ নিয়ে বিদেশি জাহাজে অযোগ্যদের চাকরি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, আসামিরা পরস্পরের যোগসাজশে এই চাকরি দিয়েছে বলে দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়।
দুদকের সহকারী পরিচালক মো. শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামিরা পরস্পরের যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে মেরিন একাডেমির ডিগ্রিধারী নয় এমন কিছু ব্যক্তিকে বিদেশি জাহাজে চাকরি দিয়েছে। তাদের অভিজ্ঞতার সনদ ভুয়া। চাকরি প্রাপ্তরা অযোগ্য বিধায় ওই সব জাহাজে দক্ষতার সঙ্গে কাজ করতে পারে নি, যাতে দেশের সুনাম ক্ষুণœ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/১৯৫৩ ঘ.
bdnews24