২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কার খাতিরে তারা প্রতারণা করল’

বিশ্ব ব্যাংক পদ্মা সেতুর জন্য অর্থ দেওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তুলে চুক্তি বাতিল করায় এ প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 09:59 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিল করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখেছেন, কার খাতিরে বাংলাদেশের সঙ্গে এভাবে ‘প্রতারণা’ করা হলো। সেতু প্রকল্পে কোনো অর্থ ছাড় না করেই চুক্তি বাতিল করায় বিশ্ব ব্যাংকের সমালোচনা করে বুধবার স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “যেখানে অর্থই দেয়নি। সেখানে দুর্নীতি হয় কীভাবে? কার খাতিরে তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করলো। জানি তারা অনেক শক্তিশালী।” দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়। চুক্তি বাতিল হওয়ায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, নিজস্ব অর্থায়নেই যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নির্মাণ করা হবে। সোমবার এ বিষয়ে মন্ত্রিপরিষদে একটি সিদ্ধান্তও নেওয়া হয়। এই সিদ্ধান্তের পর জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা বলেন, “যারা ভেবেছিল- পদ্মা সেতুতে দুর্নীতির কথা বলে আমাদের মুখে কালিমা লেপন করবে, তারা যে কতো বড় ভুল করেছে- তা প্রমাণ হয়েছে। “তারা ভেবেছিল, আমাদের জনগণ থেকে আমাদের বিচ্ছিন্ন করে দেবে। বরং জনগণ আমাদের পাশে দাঁড়িয়েছে”, যোগ করেন প্রধানমন্ত্রী। জনগণের কাছ থেকে কোনো অন্যায় লুকানো যায় না বলেও মন্তব্য করেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের দ্বিতীয় সম্মেলনে শেখ হাসিনা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসাবে। সরকার প্রধান তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরার পাশাপাশি পদ্মা সেতু নিয়ে সরকারের অবস্থান আবারো তুলে ধরেন। তিনি বলেন, “সাহস করে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। যে অপরাধ করিনি- সে অপবাদ কেনো মেনে নেব? যে অন্যায় করিনি, সে অপবাদ দিলে তা কোনো দিনও মেনে নেব না।” প্রধানমন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নেই দেশের বৃহত্তম এই প্রকল্পের কাজ শুরু করা হবে। তবে কেউ ঋণ দিতে চাইলে, তাও যাচাই-বাছাই করে দেখা হবে। “পদ্মা সেতু আমরা করবোই। আমরা কারো কাছে হাত পাততে চাই না। আমরা যুদ্ধ করে বিজয়ী জাতি। আমরা গর্বিত জাতি। আমরা নিজেদের পয়সায় পদ্মা সেতু করব।” আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারের মেয়াদেই পদ্মা সেতু নির্মাণ হবে- এমন আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, “দেশবাসী অন্যায়ের প্রতিবাদ করতে আবার জাগ্রত হয়েছে।” পদ্মা সেতুতে অর্থের যোগান নিয়ে যারা সংশয় প্রকাশ করছেন, তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “আমি তো হিসাব দিয়েই দিয়েছি। আমাদের দশ বিলিয়নের ওপর রিজার্ভ আছে। ছয় বিলিয়ন থেকে রিজার্ভ দশ বিলিয়নে নিয়েছি। সেখান থেকে খরচ করা কোনো বড় বিষয় না।” আওয়ামী লীগের আগের সরকারের সময়ে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে তা বন্ধ রাখা হয় বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ক্ষমতায় এসে আবার পদ্মা সেতুর কাজ শুরু করি। তারা (বিশ্ব ব্যাংক) ঋণ দিতে চায়। আমরা চুক্তি করি। তারা একটি ছুতোয় অর্থ দেওয়া বন্ধ করে দেয়।” বিএনপির সময়ে দুর্নীতির কারণে বিশ্ব ব্যংক যোগাযোগ ও বিদ্যুৎ খাতে টাকা দেওয়া বন্ধ রেখেছিল বলে শেখ হাসিনা উল্লেখ করেন। “আমরা লুটপাট করতে আসিনি। আমরা জনগণের সেবা করতে এসেছি। চুরি করা ছাড়া কোনো কাজ করা যায় বিএনপি তা ভাবতেই পারে না।” বিডিআর বিদ্রোহ প্রসঙ্গ বিডিআর বিদ্রোহের রহস্য ‘আস্তে আস্তে বের হচ্ছে’ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “বিডিআর মিউটিনির আগেই বিএনপি নেত্রী কালো কাচের গাড়ি করে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সকাল সাড়ে ৯টার ঘটনা, আর তিনি সকাল ৭টায় বেরিয়ে গেলেন। এরপর, তিনি আড়াই মাস ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরেন নাই।” ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় ওই বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। এরপর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে রাখা বর্ডার গার্ড বাংলাদেশ। ওই বিদ্রোহের ঘটনায় আটক বিডিআর সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গত সপ্তাহে ওই বিচার বন্ধের দাবি জানায়। প্রধানমন্ত্রী বলেন, “এই বিচার বন্ধ করতে কারা সোচ্চার? কারা কোর্টে আপিল করেছে? তার পরিচয় কী? ওই আইনজীবীর রাজনৈতিক পরিচয় কী- তা বের করেন। তা হলেই সব পরিষ্কার হয়ে যাবে।” দেশের সেবা করুন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “জনগণের কল্যাণে নিয়ম-শৃঙ্খলা মেনে সবাইকে নিয়ে কাজ করতে হবে। দেশের সেবা করতে হবে। মানুষের জন্য ত্যাগ স্বীকার করতে হবে।” এর আগে শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হওয়ার পর নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগানে তাকে স্বাগত জানান। এরপর জাতীয় সংগীতের সঙ্গে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার দলীয় পতাকা ও সাংগঠনিক জেলার সভাপতিরা জেলার পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর শেখ হাসিনা বেলুন ও পয়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। এরপর স্বেচ্ছাসেবক লীগের দলীয় সংগীতসহ দেশাত্মক গান এবং এর সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফুল, ক্রেস্ট, প্রকাশনা ও দলীয় সংগীতের সিডি দেওয়া হয় এবং উত্তোরীয় পড়িয়ে দেওয়া হয়। মোল্লা মো. আবু কাওসারের সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমও বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৫৫৫ ঘ.