ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে জেলা প্রশাসক সম্মেলনে।
মঙ্গলবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিবেশনে এ অভিযোগ তুলে জেলা প্রশাসকরা বেসরকারি বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পদ্ধতি অনুসরণের সুপারিশ করেছেন।
বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয় তুলে ধরেন সাতক্ষীরা ও বাগেরহাটের জেলা প্রশাসক।
খুলনার বিভাগীয় কমিশনার এবং নরসিংদী ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে জেলা প্রশাসককে প্রধান করে নিয়োগ বোর্ড অথবা কেন্দ্রীয় সার্ভিস কমিশন গঠনের সুপারিশ করেছেন।
অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্যদের প্রধান হিসাবে সরকারি কর্মকর্তাদের মনোনীত করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম, খাগড়াছড়ি ও নোয়াখালীর জেলা প্রশাসক।
তাদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভা শেষে সাংবাদিকদের বলেন, “বর্তমানের নীতিমালা মেনেই পরিচালনা পর্যদের সভাপতি নিয়োগ দেওয়া হবে।”
বর্তমান নীতিমালা অনুযায়ী, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি থাকছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
রাজশাহীর বিভাগীয় কমিশনার বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতির জন্য নিুতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের সুপারিশ করলেও শিক্ষামন্ত্রী বলেছেন, “সভাপতির যোগ্যতা নতুন করে নির্ধারণ করা হবে না। কারণ শিক্ষাগত যোগ্যতা না থাকলেও অনেক শিক্ষানুরাগী রয়েছেন।”
কক্সবাজার, খাগড়াছড়ি, রংপুর ও রাজশাহীর জেলা প্রশাসক শিক্ষা প্রতিষ্ঠানের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার জেলা প্রশাসকদের দেওয়ার দাবি জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “অনেক সময় বিশেষ কমিটি গঠন করে জেলা প্রশাসকসহ অন্য সরকারি কর্মকর্তাদের সে কমিটিতে রাখা হয়। এছাড়া জেলা প্রশাসকরা শিক্ষা প্রতিষ্ঠানের যে কোনো অভিযোগ তদন্ত করতে পারেন। তারা যে কোনো সুপারিশ দিলে আমরা তা গ্রহণ করব।”
শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রেষণে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগের বিরোধিতা করে বক্তব্য দিয়েছে কয়েকজন জেলা প্রশাসকরা। তারা বলেছেন, প্রেষণে শিক্ষকদের প্রশাসনে নিয়োগ দেওয়া হলে শিক্ষক স্বল্পতা দেখা দেয়।
প্রাথমিক (পঞ্চম শ্রেণী ব্যতিত) এবং মাধ্যমিক বিদ্যালয়ে (অষ্টম শ্রেণী ব্যতিত) সমাপনী/বার্ষিক পরীক্ষা একই দিনে এবং অভিন্ন প্রশ্নে জেলা প্রশাসকদের নেতৃত্বে নেওয়ার সুপারিশ করেন খুলনার বিভাগীয় কমিশনার।
উপবৃত্তিতে সমতা এনে উপবৃত্তি প্রকল্পের বাইরে থাকা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সুপারিশ করেছেন কয়েকজন জেলা প্রশাসক।
ঝরে পড়া রোধে শিল্পাঞ্চল, পাহাড়ী ও নদী ভাঙন এলাকায় অঞ্চলভিত্তিক নৈশকালীন পাঠদান চালু এবং বিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এসব এলাকার শিক্ষার্থীদের উপবৃত্তি ও স্কুলফিডিংসহ অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা বাড়ানোর সুপারিশ উঠে এসেছে।
জেলা প্রশাসকদের এসব সুপারিশের পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী বলেন, “এই বিষয়গুলো ভেবে দেখা হবে।”
অধিবেশনে ১৬ জন জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা এবং সুপারিশ তুলে ধরে বক্তব্য রাখেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞার সভাপতিত্বে সভায় শিক্ষামন্ত্রী ছাড়াও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১০০ ঘ.
bdnews24