ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে সরকারের ঘোষণার পর এই প্রকল্পে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫৪ হাজার কর্মকর্তা-কর্মচারি তাদের একদিনের বেতনের অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ১৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত পেশাজীবী সমন্বয় পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পরিষদের যুগ্ম আহবায়ক চিন্ময় কান্তি দাস সাংবাদিকদের জানান, কাওরান বাজারের কার্যালয়ে পেশাজীবী সমন্বয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্বব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়।
দাতা সংস্থা অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। সোমবার মন্ত্রিপরিষদেও নিজস্ব অর্থায়নে যতো দ্রুত সম্ভব এই সেতু নির্মাণের সিদ্ধান্ত হয়।
চিন্ময় দাস বলেন, “অধিদপ্তরের ৫৪ হাজার কর্মকর্তা ও কর্মচারীর একদিনের বেতন বাবদ প্রায় তিন কোটি টাকা পদ্মা সেতু প্রকল্প তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
পরিষদের আহবায়ক মোহাম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব তোফায়েল আহমেদ, সরকারি চিকিৎসক সমিতির মহাসচিব মো. মনিরুজ্জামান, হানিফুর রহমান ও চয়ন সেনগুপ্ত উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বাংলাদেশ চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি, বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা সমিতি, সচিবালয় ব্যক্তিগত কর্মকর্তা সমিতি, সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদও তাদের সদস্যদের একদিনের বেতন পদ্মা সেতু প্রকল্পে জমা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
ইউজিসি দেবে ৬৫ লাখ টাকা
এদিকে পদ্মা সেতু নির্মাণে এই প্রকল্পে ৬৫ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার কমিশনের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এতে বলা হয়, “ইউজিসির কর্মকর্তাদেও এক দিনের বেতন, ইউজিসি চেয়ারম্যানের গাড়ি কেনার জন্য বরাদ্দ টাকা এবং বিবিধ খাত থেকে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হবে।”
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য অধ্যাপক আতফুল হাই শিবলী, এম মুহিবুর রহমান, অধ্যাপক মোহাম্মাদ মোহাব্বত খান, অধ্যাপক আবুল হাশেম, অধ্যাপক আখতার হোসেন, সচিব মো. খালেদসহ ইউজিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসআই/এইচএ/১৮০৪ ঘ.
bdnews24