সৈয়দ নাহাস পাশা, লন্ডন থেকে
লন্ডন, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া শিক্ষার্থীদের যুক্তরাজ্যে প্রবেশ ঠেকাতে দেশটির বর্ডার এজেন্সিকে (ইউকেবিএ) নতুন ক্ষমতা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার যুক্তরাজ্যের অভিবাসন মন্ত্রী ডেমিয়েন গ্রিন ‘স্টুডেন্ট ভিসা’ পেতে আগ্রীদের জন্য নতুন সাক্ষাতকার প্রক্রিয়ার ঘোষণা করেছেন যাতে ইউকেবিএ কর্মকর্তারা সন্দেহজনক শিক্ষার্থীর আবেদন প্রত্যাখ্যান করতে পারবে।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের থেকে ভিসার আবেদনকারী শিক্ষার্থীদের অনেককেই সাক্ষাৎকারের নতুন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
নতুন এ প্রক্রিয়ায় এই গ্রীষ্ম থেকেই সম্ভাব্য ঝূকিপূর্ণ আবেদনকারীদের বিশেষ সাক্ষাৎকার নেওয়া হবে। ইউকেবিএ কর্মকর্তারা বলছেন, আগামী ১২ মাসে তারা বাছাই করা প্রায় ১৪ হাজার আবেদনকারী সাক্ষাতকার নেবেন যা মোট আবেদনের ৫ শতাংশ। সাক্ষাৎকারে ইউকেবিএ কর্মকর্তারা সন্তুষ্ট না হলে শিক্ষার্থীদের আবেদন প্রত্যাখ্যান করা হবে।
বর্তমানের প্রক্রিয়ায় কোনো আবেদনকারী শিক্ষার্থীর বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ থাকলেও ইউকেবিএ কর্মকর্তারা তাদের কারো কারো আবেদন ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন না।
নতুন প্রক্রিয়ায় যুক্তরাজ্যের বর্ডার এজেন্সির কর্মকর্তারা শিক্ষার্থীদের সাক্ষাতকার নেওয়ার নতুন ক্ষমতা পাবেন।
গত বছর একটি পরীক্ষামূলক প্রকল্পের পর নতুন নিয়ম চালুর ঘোষণা দেয় ইউকেবিএ। এতে ভুয়া শিক্ষার্থী ধরতে মুখোমুখি সাক্ষাতকারের কার্যকারিতা খতিয়ে দেখা হয়। ১৩টি দেশে দুই হাজার ৩০০ শিক্ষার্থীর সাক্ষাতকার নেওয়া হয়। তিন মাসের এ প্রকল্প শেষে দেখা যায়, ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ভিসা পাওয়া শিক্ষার্থীদের ৩২ শতাংশই প্রত্যাখ্যাত হতো যদি ইউকেবিএ কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ক্ষমতা থাকতো।
বিশ্বাসযোগ্যতার এ পরীক্ষা চালু থাকলে মিয়ানমার থেকে যুক্তরাজ্যে আসা ৪৫ শতাংশ শিক্ষার্থীই ভিসা পেত না। বাংলাদেশের ৩৮ শতাংশ ও ভারতের ২৯ শতাংশ শিক্ষার্থীকে ফিরিয়ে দেওয়া হতো।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের ভাষ্যমতে, নতুন নিয়ম চালু থাকলে ভাষাগত সমস্যা থাকায় প্রায় ১৭ শতাংশ ছাত্রের আবেদন বাতিল করা হতো। এদের অনেকেই ইংরেজিতে সাধারণ প্রশ্নেরও উত্তর দিতে পারেনি যদিও তারা দাবি করেছিল, যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য তাদের প্রয়োজনীয় ইংরেজি ভাষা জ্ঞান আছে।
মন্ত্রী গ্রিন বলেন, “দেশের উৎকৃষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রকৃত ছাত্রদের পড়াশুনা নিশ্চিত করতে ভুয়া ও মানহীন ছাত্রদের বাদ দিতে আমরা এই কঠোর পদ্ধতি প্রবর্তন করছি।”
“ব্রিটেন মেধাবী ও সৎ অভিবাসীদের জন্য উন্মুক্ত। একটি বিষয় পরিষ্কার, আপনি যদি আবেদন ফর্মে মিথ্যা বা ত্র“টিপূর্ণ তথ্য দেন এবং যুক্তরাজ্যে আসার প্রকৃত কারণ গোপন করেন তবে তা খুঁজে বের করে আপনার আবেদন প্রত্যাখ্যান করা হবে”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১৬২৭ ঘ.
bdnews24