বেনাপোল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি চলছে।
রোববার স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা।
সোমবারও শ্রমিকরা বন্দরে অবরোধ, ঘেরাও, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কোনো পণ্য উঠানামা হয়নি।
নিরাপত্তার জন্য বন্দর প্রশাসনিক ভবনে শতাধিক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়ের করা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান খালিদ অ্যান্ড ব্রাদার্সের মালিক ওয়াহিদুজ্জামান অহিদ সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি স্থানীয়ভাবে ষড়যন্ত্রের শিকার। নিয়মতান্ত্রিকভাবে টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়াও পরও প্রতিপক্ষ একটি গ্র“প শ্রমিকদের ইন্ধন দিয়ে আন্দোলন করাচ্ছে।”
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৯৮২) এক অংশের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, বন্দর কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে মজুরি নিয়ে সমঝোতা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
“প্রতিটন পণ্য খালাসে শ্রমিকদের প্রাপ্য ১৮ টাকা ৩০ পয়সা। কিন্তু ঠিকাদাররা নিু দরে টেন্ডার আহ্বান করে শ্রমিকদের ধ্বংসের চেষ্টা করছে,” বলেন তিনি।
গত বছর ঠিকাদাররা কাজ নেন প্রতিটন খালাসে ১৮ টাকা ৫৫ পয়সা দরে এবং তা থেকে শ্রমিকদের দেওয়া হয় ১২ টাকা। এ বছর ঠিকাদাররা কাজ নেন প্রতিটন ১৯ টাকা ৯০ পয়সা দরে।
বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (৮৯১) অপর অংশের সাধারণ সম্পাদক রাশেদ আলী বলেন, বন্দর কর্তৃপক্ষ সরকার ঘোষিত নায্য মজুরি পরিশোধের দাবি না মেনে নতুন ঠিকাদার নিয়োগ করছে। টন প্রতি ১৮টাকা ৩০ পয়সা আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।
বেনাপোল বন্দর পরিচালক আবুল কালাম আযাদ সাংবাদিকদের বলেন, শ্রমিকরা বন্দর প্রশাসনিক ভবন ঘেরাও, বিক্ষোভ ও সমাবেশ করেছে। কর্মবিরতির কারণে বন্দরে আমদানি পণ্য উঠানামা বন্ধ রয়েছে।
শ্রমিকরা পণ্য গুদাম খুলতে নিষেধ করে দিয়েছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, “শ্রমিকদের কর্মবিরতির বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংশার চেষ্টা চালাচ্ছি।”
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিজভী আহম্মেদ বলেন, কর্মবিরতির কারণে আমদানিকারকরা বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৫ ঘ.
bdnews24