২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর জেলা বিএনপি কমিটি বাতিলের দাবি

শরীয়তপুর জেলা বিএনপি কমিটি বাতিলের দাবিতে ঝাড়– ও জুতা মিছিল করেছে পদ বঞ্চিতরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 10:26 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

শরীয়তপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর জেলা বিএনপি কমিটি বাতিলের দাবিতে ঝাড়– ও জুতা মিছিল করেছে পদ বঞ্চিতরা। সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সোমবার জেলা বিএনপির একাংশ শরীয়তপুর শহরে এ মিছিল করে। এছাড়া সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা পুড়িয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির এ অংশটি। এদিকে কমিটি ঘোষণার পর আরেকটি অংশ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে শহরে। জেলা বিএনপির নতুন দপ্তর সম্পাদক মিজানুর রহমান বাচ্চু দাবি করেন, বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার জেলা বিএনপির কমিটি অনুমোদন করে। বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি গঠন করে জানিয়ে মিজানুর রহমান বাচ্চু বলেন, এতে শফিকুর রহমান কিরণকে সভাপতি, সরদার এ কে এম নাছির উদ্দিন কালুকে সাধারণ সম্পাদক ও টি আই এম মহিতুল গনি মিন্টু সরদারকে সাংগঠনিক সম্পাদক করা হয়। সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিএনপির কে এম হেমায়েত উল্লাহ আওরঙ্গ ও জামাল শরিফ হিরুর পক্ষের নেতাকর্মীরা ঝাড়– ও জুতা মিছিল শেষে পুলিশ বক্সের সামনে এসে সাধারণ সম্পাদক সরদার নাছির উদ্দিন কালুর কুশপুত্তলিকা দাহ করে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৬২১ ঘ.