২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমসি কলেজ বন্ধ, তদন্ত কমিটি

ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিলেট এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিলেট, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেওয়ার ঘটনায় সিলেট এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার বিকাল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, “ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী নির্ধারিত সময়েই চলবে।” অধ্যক্ষ জানান, সংর্ঘষ ও অগ্নিসংযোগের ঘটনা তদন্তে কলেজের উপাধ্যক্ষ আল হেলাল ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ছাত্রলীগকর্মীরা রোববার সন্ধ্যায় শিবির নিয়ন্ত্রিত ছাত্রাবাস নিজেদের নিয়ন্ত্রণে নিতে গেলে সংঘাতের সূত্রপাত হয়। সংঘর্ষের পর এমসি কলেজ ছাত্রাবাসের চারটি ভবনের শতাধিক কক্ষে আগুন দেওয়া হয়। এতে ৪২টি কক্ষ সম্পূর্ণ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ৭০টির মতো কক্ষ। তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার ব্রিগেড কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ওই সব কক্ষে ছাত্রদের বই-খাতা, কম্পিউটার, আসবাবপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। ওই ঘটনার পর রাতে জরুরি বৈঠক করে কলেজ সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে শওকত হাসান মানিক নামে এক ছাত্রলীগ কর্মী এই ঘটনায় সোমবার সকালে শাহপরাণ থানার একটি মামলা করেছেন। এতে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৬০-৭০ জন অজ্ঞাতপরিচয় শিবিরকর্মীকে আসামি করা হয়েছে। কলেক কর্তৃপক্ষও আরেকটি মামলা করেছে। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার জানান, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত ১৫ শিবিরকর্মীকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/জেকে/এমআই/১৬৪৭ ঘ.