নরসিংদী, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলার অভিযোগপত্র বানোয়াট উল্লেখ করে তা বাতিলের দাবি করেছে বাদীপক্ষ।
রোববার বিকালে পৌর ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
‘জনবন্ধু শহীদ লোকমান হোসেন সংগ্রাম পরিষদ’র আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় লোকমানের ছোট ভাই মামলার বাদী এবং নরসিংদী পৌর মেয়র কমরুজ্জামান, লোকমানের মা মাজেদা বেগম, স্ত্রী তামান্না নূসরাত বুবলী, জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মামলার আসামি আশরাফুল সরকারের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি মোতাবেক এজাহারভুক্ত ১৪ আসামি এ হত্যাকা-ে জড়িত।
অথচ মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক ডিবির ওসি মামুনুর রশীদ ম-ল এজাহারভুক্ত মাত্র তিনজনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
তারা অবিলম্বে এ ‘প্রহসনের চার্জশিট’ প্রত্যাহার করে মামলার এজাহারভুক্ত ১৪ আসামিকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
মামলার বাদী কামরুজ্জামান বলেন, “আমি মামলার বাদী। আমাকে অভিযোগপত্র সম্পর্কে কিছু জানানো হয়নি। ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির কোনো কপি আমাকে দেওয়া হয়নি।
“এর আগে পুলিশ সুপার আমাকে জানান- মামলার এজাহারভুক্ত আসামি মোবা পলাতক। তাকে না ধরে আদালতে অভিযোগপত্র দিলে তা অসম্পূর্ণ থেকে যাবে।
“ধার এখন আমাকে না জানিয়ে তরিঘরি করে শরিফ নামে এজাহার বহির্ভূত এক আসামিকে দিয়ে ‘জজ মিয়া নাটক’ সাজানো হয়েছে।
“আর এই সাজানো অভিযোগপত্রে মন্ত্রীর ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুসহ এজাহারভুক্ত আসামিদের বাদ দেওয়া হয়।”
আসামি আশরাফুল সরকারের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি অনুযায়ী ঘটনার পরিকল্পনাকারী সালাহউদ্দিন বাচ্চুসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।
গত বছরের ১ নভেম্বর নরসিংদী পৌরসভা মেয়র লোকমান হোসেন মুখোশধারী একদল সন্ত্রাসীর গুলিতে নিহত হন।
এ বছরের ২৪ জুন এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.
bdnews24