চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের অপরাধে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম মামলার রায়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে ওই ব্যক্তিকে কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানার আদেশও দেন।
নগরীর কোতোয়ালী থানার জামাল খান এলাকার বাসিন্দা জাহাঙ্গীর বর্তমানে পলাতক আছেন।
ওই ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে চার বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আইনের একটি ধারায় এ শাস্তি দেয়।
২০০৫ সালের ৪ জানুয়ারি প্রতিবেশী এক দোকানদারের চার বছরের মেয়েকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে মিজান তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।
পিপি জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০০৫ সালের ৩ এপ্রিল জাহাঙ্গীরের বিরুদ্ধে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। সে বছর ২৯ মে অভিযোগ গঠন করা হয়। এরপর আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়।
ওই মামালায় জাহাঙ্গীর জামিনে ছিলেন জানিয়ে পিপি বলেন, গত দুই দিন আগে পলাতক হয়ে যাওয়ায় তার অনুপস্থিতিতেই রায় ঘোষণা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৯৫৫ ঘ.
bdnews24