২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘ-হাতি হত্যায় সর্বোচ্চ ১২ বছর সাজা

পাশাপাশি বন্যপ্রাণী অবৈধভাবে কিনলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান রেখে নতুন আইন পাস হয়েছে সংসদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঘ বা হাতি হত্যার জন্য সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘বন্যপ্রাণী (সংরক্ষণ) বিল-২০১২’ জাতীয় সংসদে পাস হয়েছে। চারটি তফসিলে ১ হাজার ৩০৭ প্রজাতির প্রাণী ও উদ্ভিদের নাম অন্তর্ভুক্ত করে এই বিলটি গত বছরের ২৩ অগাস্ট সংসদে উত্থাপন করা হয়েছিল। বন ও পরিবেশমন্ত্রী হাছান মাহমুদের পক্ষে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান রোববার জাতীয় সংসদে এ বিলটি পাসের জন্য উত্থাপন করেন। বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর বিরোধী দলের সদস্যদের আনা সংশোধনী, জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়। এই বিলের উদ্দেশ্য ও কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বিবৃতিতে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অপরিসীম। কিন্তু এ বিষয়ে যথাযথ গুরুত্ব না দেওয়ায় অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রজাতির প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে। এ আইন পাসের ফলে যে কোনো সরকারি বনভূমিকে ইকোপার্ক, সাফারি পার্ক, উদ্ভিদ উদ্যান বা বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ঘোষণা করা যাবে। হাছান মাহমুদ আরো বলেন, ইতোমধ্যে দেশ থেকে গন্ডার, বুনো মহিষ, বারসিঙ্গা, নীলগাই, বন ছাগলসহ অনেক বন্য প্রজাতি হারিয়ে গেছে। আইইউসিএন’র রেড ডাটা বুক (২০০০) অনুসারে আট প্রজাতির উভচর, ৫৮ প্রজাতির সরিসৃপ, ৪১ প্রজাতির পাখি ও ৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী বিপন্ন ও বিলুপ্তপ্রায় হিসাবে চিহ্নিত করা হয়েছে। লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি কারো কাছ থেকে বন্যপ্রাণী, বন্যপ্রাণীর কোনো অংশ, মাংস, ট্রফি বা কোনো দ্রব্য কিনলে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড অথবা দুই লাখ টাকার জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। বাঘ বা হাতি হত্যা করলে সর্বনিু দুই বছর এবং সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড, সর্বনিু এক লাখ টাকা ও সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ড হবে। চিতা বাঘ, লাম চিতা, উল্লুক, সাম্বার হরিণ, কুমির, ঘড়িয়াল, তিমি বা ডলফিন হত্যা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়া হবে। পাখি বা পরিযায়ী পাখি হত্যা করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড ও দু’লাখ টাকা জরিমানা অথবা ঊভয় দণ্ড দেওয়া হবে। ১৯৭৪ সালে প্রণীত বিদ্যমান বন্যপ্রাণী (সংরক্ষণ) (সংশোধন) আইনে শাস্তির বিধান ছিল সর্বনিম্ন পাঁচশ’ টাকা থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা জরিমানা এবং ন্যূনতম ছয় মাস থেকে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড। নতুন আইনে বলা হয়েছে, সরকারি বন, বনের অংশ, সরকারি ভূমি, জলাভূমি বা যে কোনো নির্দিষ্ট এলাকাকে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা যাবে। অভয়ারণ্যে কেউ চাষাবাদ করতে, শিল্প-কারখানা স্থাপন, উদ্ভিদ আহরণ ও ধ্বংস এবং অগ্নিসংযোগ করতে পারবে না। কেউ অভয়ারণ্য সম্পর্কিত বিধি-নিষেধ লঙ্ঘন করলে দুই বছরের কারাদণ্ড অথবা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা চার লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। আইনে চারটি তফসিলে উভচর ৩২ প্রজাতি, সরীসৃপ ১৫৪ প্রজাতি, পাখি ৬২২ প্রজাতি, স্তন্যপায়ী ১১৩ প্রজাতি, মাছ ৫২ প্রজাতি, প্রবাল ৩২ প্রজাতি, শামুক ও ঝিনুক ১৩৭ প্রজাতি, কাঁকড়া ও লবস্টার ২২ প্রজাতি, কীটপতঙ্গ ৫৯ প্রজাতি, কীটপতঙ্গ ২৪ প্রজাতি, ইঁদুর ৬ প্রজাতি, উদ্ভিদ ৪১ প্রজাতি এবং অর্কিড ১৩ প্রজাতি চিহ্নিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩০ ঘ.