২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদকে তলবে দুদকের নোটিস স্থগিত

যুক্তরাজ্যে মানি লন্ডারিং বিষয়ে বক্তব্য শুনতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তলবে দেওয়া দুর্নীতি দমন কমিশনের নোটিস তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যে মানি লন্ডারিং বিষয়ে বক্তব্য শুনতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদকে তলবে দেওয়া দুর্নীতি দমন কমিশনের নোটিস তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। মওদুদের আবেদনে রোববার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি জাফর আহমেদ এই আদেশ দেয়। আদালত একইসঙ্গে ওই নোটিস কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণ জানাতে দুদক চেয়ারম্যান গোলাম রহমান, দুদকের উপ-পরিচালক মো. মোনায়েম হোসেনকে নির্দেশ দিয়েছে। দুদকের উপ-পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-৩) মোনায়েম হোসেন গত ৪ জুলাই সাবেক মন্ত্রী মওদুদকে একটি চিঠি দেন। চিঠিতে মওদুদকে উদ্দেশ্য করে বলা হয়, “যুক্তরাজ্যে মানি লন্ডারিংয়ের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ প্রয়োজন। আগামী ১১ জুলাই সকাল সাড়ে ১১টায় নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ/কার্যক্রম পরিচালিত হবে।” এই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে সকালে মওদুদ হাই কোর্টে একটি রিট আবেদন করেন। আবেদনের পক্ষে ব্যারিস্টার মওদুদ নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৫২ ঘ.