ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করে একটি অনুসন্ধান কমিটি গঠনের জন্য সরকারের কাছে প্রস্তাব রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
দীর্ঘ দিনেও গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়টি ‘সুরাহা’ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে শনিবার মহাজোট শরিক দলের নেতা এক বিবৃতিতে এই প্রস্তাব দেন।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালককে গত বছর নোবেল বিজয়ী ইউনূসকে অপসারণ করে সরকার। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে হারার পর পদত্যাগপত্র দেন তিনি।
ড. ইউনূস সরাসরি না বললেও তার পক্ষ নিয়ে প্রধান বিরোধী দল বলে আসছে, নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি সরকারের প্রতিহিংসার শিকার। অন্যদিকে ইউনূস বিভিন্ন বক্তৃতা-বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন।
এরশাদ প্রস্তাবিত অনুসন্ধান কমিটিতে সরকারের পক্ষ থেকে দুজন, মহাজোটের পক্ষ থেকে তিনজন, সুশীল সমাজ থেকে দুজন এবং গ্রামীণ ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের তিনজন নারী সদস্যকে অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে।
বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, “এই ব্যাংকটি প্রতিষ্ঠায় আমিই উদ্যোগ নিয়েছিলাম, যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নোবেল পুরস্কার লাভ করেছে। এই ব্যাংক নিয়ে কোনো ধরনের জটিলতা কাম্য হতে পারে না।”
“ড. ইউনূসকে আমিই ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করে সব পরিচালক নিয়োগের ক্ষমতা দিয়েছিলাম। জনগণের স্বার্থে আমার সেই সিদ্ধান্ত শুধু দেশের জন্যই সুফল আনেনি, নোবেল পুরস্কারও এনে দিয়েছে,” বলেন তিনি।
গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের পদক্ষেপে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে বলেও মনে করেন ক্ষমতাসীন জোটের এই নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24