২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, আহত ৩০

শ্রমিক অসন্তোষের সময় বন্ধ থাকা চার দিনের বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আবারো বিক্ষোভ করেছে শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:00 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

সাভার, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের সময় বন্ধ থাকা চার দিনের বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় আবারো বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পথচারীসহ অন্তত ৩০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসও ছোড়ে। পরে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক ফয়েজুল কবীর জানান, সোমবার সকাল ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ‘নিট এশিয়া লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ জুনের শ্রমিক অসন্তোষের সময় গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর ঘোষণা অনুযায়ী কারখানা বন্ধ থাকা চার দিনের বেতনের দাবিতে সোমবার সকালে বিক্ষোভ শুরু করে কারখানার প্রায় আড়াই হাজার শ্রমিক। “এক পর্যায়ে বিক্ষোভরতরা যানবাহন ও কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করে। সকাল ৯টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানায় হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাঁদানে গ্যাসও ছোড়া হয়।” পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং শ্রমিকরা ফিরে যায় বলে জানান তিনি। বেতন বাড়ানোর দাবিতে গত ১১ জুন থেকে শ্রমিক অসন্তোষের পর আশুলিয়ার ৩৫০টি পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। চারদিন সব কারখানা বন্ধ থাকার পর পুনরায় খুলে দেওয়া হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, অন্য কারখানায় ওই চারদিনের বেতন দেওয়ার কথা বললেও নিট এশিয়া কর্তৃপক্ষ তা দিতে অস্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়েই শ্রমিকরা সকালে আন্দোলন শুরু করে। পুলিশের লাঠিপেটায় ৩০/৩৫ জন শ্রমিক আহত হয়েছেন বলে শ্রমিকরা জানান। নিট এশিয়া লিমিটেডের উপ মহাব্যবস্থাপক (প্রশাসন) জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনার মাধ্যমে বিষয়টির সুরাহা করা হয়েছে। মঙ্গলবার থেকে শ্রমিকরা আবার কাজে যোগ দেবেন বলে আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৫৫৫ ঘ.