২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাসহ ৩ মামলা মনিটরিং সেলে

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী এবং শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 10:06 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি, সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী এবং শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলে নেওয়া হয়েছে। চাঞ্চল্যকর মামলা মনিটরিং সেলের এক সভায় রোববার এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন মন্ত্রী সাহারা খাতুন। সভার পর সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, “সভায় মোট ১১টি মামলা নিয়ে পর্যালোচনা করা হয়। এর মধ্যে তিনটির তদন্ত শেষ হওয়ায় এক সপ্তাহের মধ্যে এগুলোর অভিযোগপত্র দিতে বলা হয়েছে।” এই তিন মামলা হলো- সাভারের আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হোসেন হত্যা এবং গুলশানের শিশু আলিফ হত্যা মামলা। এছাড়া সাগর-রুনি, সৌদি কূটনীতিক ও আমিনুল হত্যা মামলা মনিটরিং সেলে নেওয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেল এই মামলাগুলোর তদারকি করলেও তদন্ত কর্মকর্তা (আইও) ঠিকই থাকবেন। এ তিনটি মামলা তদন্তের জন্য কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কী-না জানতে চাইলে সাহারা খাতুন বলেন, মনিটরিং সেলে অন্তুর্ভুক্ত কোনো মামলাতেই সময় বেঁধে দেওয়া হয় না। এক্ষেত্রেও সময় দেওয়া হয়নি। তবে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ময়মনসিংহের মুক্তিযোদ্ধা ডা. রফিকুল ইসলাম দুলাল হত্যা মামলা মনিটরিং সেলে নেওয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে সভায় আলোচনা হয়নি। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে আসলে ভবিষ্যতে আলোচনা হতে পারে। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। হত্যাকাণ্ডের পর চার মাস পেরিয়ে গেলেও এখনো কূল-কিনারা করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে র‌্যাব এ মামলার তদন্তের দায়িত্বে রয়েছে। এদিকে গত ৫ মার্চ রাতে ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) গুলশানে গুলিবিদ্ধ হন। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ঘটনার পর সৌদি আরবের স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ, সফর করে ঘটনাস্থল ঘুরে দেখে। এছাড়া শ্রমিক নেতা আমিনুল গত ৪ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হন। পরদিন টাঙ্গাইলের একটি কলেজের সামনে তার লাশ পাওয়া যায়। স¤প্রতি বাংলাদেশ সফরে এসে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এসব হত্যাকা-ের কারণ কিংবা এতে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমডি/জেকে/১৫৫৯ ঘ.