নরসিংদী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর ভাইসহ এজাহারভুক্ত ১১ আসামির নাম বাদ দিয়ে নরসিংদীর মেয়র লোকমান হত্যা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্ত কর্মকর্তা।
গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডল শনিবার নরসিংদীর মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন, যাতে এজাহারভুক্ত তিন জনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তরা হলেন- এজাহার বহির্ভূত নাজমুল হাসান শরীফ, হাজী মোহাম্মদ সেলিম মিয়া, মো. আওলাদ হোসেন, মো. সারোয়ার হোসেন, মাহফুজ হোসেন ওরফে তাওয়াব ওরফে সবুজ, হাজী মোহাম্মদ ফারুক হোসেন, মো. শাহিন, ইসু সরকার ওরফে শিবলী সরকার ও হীরু ওরফে কামরুল হাসান এবং এজাহারভুক্ত পলাতক আসামি মো. মোবারক হোসেন মোবা, মো. আশরাফ হোসেন সরকার ওরফে আশরাফুল সরকার ও আব্দুল মতিন সরকার।
এদের মধ্যে প্রথম নয় জন জেল হাজতে এবং বাকি তিন জন পলাতক রয়েছেন।
গত বছরের ১ নভেম্বর রাতে নরসিংদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নরসিংদীর তখনকার মেয়র লোকমান।
চাঞ্চল্যকর এই হত্যাকা-ের পর থেকেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ভাই সালাহ উদ্দিন আহমেদ বাচ্চুর জড়িত থাকার বিষয়ে অভিযোগ করে আসছেন নিহতের স্বজনরা। মামলার এজাহারের ১৪ আসামির মধ্যে বাচ্চুর নামও ছিল।
তবে আট মাস তদন্ত শেষে এজাহারভুক্ত আসামিদের মধ্যে মন্ত্রীর ভাই জেলা আওয়ামী লীগের সদস্য মো. সালাউদ্দিন আহমেদ বাচ্চু, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর এপিএস মাসুদুর রহমান মুরাদ, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঞা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, স্থানীয় রহমান প্রেসের মালিক মনোয়ার হোসেন খান মঈন, পৌরসভার ভেলানগর গ্রামের সন্ত্রাসীর গুলিতে নিহত মানিক কমিশনারের ভাই হিরণ মিয়া, আমির হোসেন আমু, মামুন, বিএনপি নেতা তারেক আহমেদ তারেক, আওয়ামী লীগ সমর্থক মো. কবির সরকার ও নরসিংদী কলেজের সাবেক ভিপি মিঞা মোহাম্মদ মঞ্জুর নাম অভিযোগপত্রে রাখেননি তদন্ত কর্মকর্তা।
মামলার বাদী বর্তমান মেয়র কামরুজ্জামান এজহারভুক্ত আসামিদের বাদ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, “মামলার তদন্ত কর্মকর্তা এবং নরসিংদীর পুলিশ সুপার কেউই অভিযোগপত্র দাখিলের আগে আমার সঙ্গে যোগাযোগ করেননি। আমি মামলার বাদী আমাকে না জানিয়েই ডাক মন্ত্রী রাজুর প্রভাবে প্রভাবিত হয়ে পুলিশ ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগপত্র দিয়েছে।”
দাখিল করা অভিযোগপত্রের কারণে লোকমান হোসেন হত্যাকা-ের আসামিরা বিচারের গ-ি থেকে বেরিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
“আমি এই অভিযোগপত্র মানি না। আমি এই চার্জশিটের বিরুদ্ধে নারাজি দেব,” যেগ করেন কামরুজ্জামান।
অবশ্য পুলিশ সুপার নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন সাংবাদিকদেরকে বলেন, দীর্ঘ তদন্ত শেষে এবং ঊর্ধতন পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় এই চাঞ্চল্যকর হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২৩৩০ ঘ.
bdnews24